মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ আটক ১০
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০২ মে, ২০২৫, আপডেট ১৬:০০
সাগরপথে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সারসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১ মে কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন সেন্টমার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা দেখতে পায়। পরে নৌকাটিকে থামার সংকেত দিলে নৌকাটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বোটটিকে আটক করা হয়।
এসময় তল্লাশি করে ৬০০ বস্তা ইউরিয়া সারসহ ১০ পাচারকারীকে আটক করা হয়। আটক পাচারকারীরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা। জব্দ সার কাস্টমসে জমা দিয়ে আটক পাচারকারীদের বিরুদ্ধে মামলার পর থানায় হস্তান্তর করা হয়েছে।
মিডিয়া কর্মকর্তা হারুন-অর-রশীদ আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালানরোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ইউডি/এআর

