হিলির বাজারে অপরিপক্ব লিচু, দাম কেমন?

হিলির বাজারে অপরিপক্ব লিচু, দাম কেমন?

উত্তরদক্ষিণ। বুধবার, ০৭ মে, ২০২৫, আপডেট ১৪:৩০

হিলির বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল লিচু। তবে এইসব লিচু অপরিপক্ব। কিন্তু বছরের নতুন ফল হওয়ায় সবার দৃষ্টি লিচুর দিকেই। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২৭০ টাকায়।

সরেজমিনে হিলি বাজারে গিয়ে দেখা যায়, হাটে প্রবেশের মুখেই দোকানে ডালিতে সাজিয়ে রাখা হয়েছে লিচু। আর সেই লিচু কিনতে ভিড় করছেন ক্রেতারা।

কথা হয় লিচুর দোকানি নিরবের সঙ্গে। তিনি বলেন, প্রতিবছর নতুন যে কোনো ফল উঠলে বাজারে সবার আগে আনার চেষ্টা করি। কারণ দামটা যেমন ভালো থাকে, বিক্রিও হয় তাড়াতাড়ি। এতে করে লোকসানের পরিমাণ খুবই কম থাকে।

নীরব আরও বলেন, ‘এবারও আজকে বছরের প্রথম বাজারে মাদ্রাজি নেপালি জাতের লিচু এনেছি। এইসব লিচু জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার বাগান থেকে আনা হয়েছে।’

আরেক দোকানি নয়ন বলেন, ‘লিচু বাজারে আসতো আরও কয়েকদিন পরে। তবে অতিরিক্ত দাবদাহ ও বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় হওয়ার কারণে বাগানের মালিকরা লিচু আগাম বিক্রি করছে।’

বাগান থেকে প্রতি ১০০ লিচু ২২০ টাকা দরে কেনা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘বাজারে বিক্রি করছি ২৬০ থেকে ২৮০ টাকা দরে। একশ লিচু বিক্রি করলে খরচ বাদে ৩০ টাকা লাভ হবে। আজকেই প্রথম অল্প করে এনেছিলাম। আনার পরে দেখলাম মুহূর্তেই লিচুগুলো বিক্রি হয়ে গেল।’

লিচু কিনতে আসা রাব্বি বলেন, ‘বাজারে এসেছিলাম ফল কিনতে। বিভিন্ন ফল কেনার পর চোখে পড়ল লিচু। খেয়ে দেখলাম অনেক টক। ভেতরে দানা অনেকটাই কম। তারপরও শখ করে কিনলাম। নাতিরা খাবে; খুশি হবে।’

আরেকজন ক্রেতা ফয়সাল বলেন, বাজারে প্রতিবছর অপরিপক্ব যে কোনো ফল বেশি বিক্রি হয়। অতিরিক্ত লাভের আশায় বাগানিরা এ সব ফল বিক্রি করে দেয়। প্রশাসন নজর রাখলে ফলগুলো পরিপক্ব হয়ে বাজারে আসতো। তাহলে সবাই খেতে পারতো।

উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, পরিপক্ব লিচু বাজারে আসতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। বাজারে যে সব লিচু পাওয়া যাচ্ছে সেগুলো আগাম জাতের; তাতে দানা কম। খেতেও অনেক টক।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading