জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ
উত্তরদক্ষিণ। শনিবার (১০ মে), ২০২৫, আপডেট ২১:০০
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধের মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। এতে অংশ নিতে উপদেষ্টারা সেখানে পৌঁছেছেন।
বৈঠক শেষে যমুনার বাইরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছিলেন, “সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণের বিষয়ে বৈঠকে আলোচনা হবে।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাজধানীর মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশ মুখে কর্মসূচি চলার মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরের বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছে সরকার। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ইতোমধ্যে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনে ‘প্রয়োজনীয় সংশোধনী আনার’ উদ্যোগ নেওয়া হয়েছে, যোগ করা হয় বিবৃতিতে।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে সরকারপ্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ নেতৃত্বাধীন একদল বিক্ষোভকারী।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
ইউডি/এবি

