দেশে ফিরেছেন রিশাদ ও নাহিদ

দেশে ফিরেছেন রিশাদ ও নাহিদ

উত্তরদক্ষিণ। শনিবার (১০ মে), ২০২৫, আপডেট ২৩:৫৫

পাকিস্তানে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তার দিন কাটিয়ে অবশেষে নিরাপদে দেশে ফিরেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। পিএসএল খেলতে তারা পাকিস্তানে গিয়েছিলেন। ভারতের সঙ্গে পাকিস্তানের সীমান্তে সামরিক উত্তেজনায় দেশটির ফ্র্যাঞ্চাইজি লিগ স্থগিত করা হয়। একই সঙ্গে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তৈরি হয় উদ্বেগ।

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রচেষ্টায় সব বিদেশি ক্রিকেটারদের বিশেষ বিমানে করে দুবাই নেওয়া হয়। সেখান থেকে বাংলাদেশের বিমান ধরেন রিশাদ ও নাহিদ। শনিবার (১০ মে) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা।

দুবাই বিমানবন্দরে নেমে গণমাধ্যমকে রিশাদ বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সংকট কাটিয়ে দুবাইয়ে পৌঁছে গেছি। এখন ভালো লাগছে। ফ্লাইটটা উপভোগ করেছি এবং একটু ভয়ও ছিল। ফ্লাইট থেকে নামার পর যখন শুনেছি টেকঅফ করার ২০ মিনিট পরে মিসাইল পড়েছে এয়ারপোর্টে। শোনার পরে একটু খারাপ লাগছে এবং ভয়ও লাগছিল। দুবাই আসার পরে আমাদের স্বস্তি লাগছে।’

রিশাদ জানান, এই কয়েকদিন তার পরিবার নির্ঘুম রাত কাটিয়েছে, ‘যখন আমি খেলার জন্য বাইরে যাই, আমার পরিবার সবসময় চিন্তা করে, সেটা পরিস্থিতি ভালো হোক বা মন্দ। যখন তারা পাকিস্তানের খবর জানলো, এখানে সেখানে বোমা ফাটছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে, স্বাভাবিকভাবে তারা টেনশনে ছিল। আমি তাদের সান্ত্বনা দিয়েছি, বলেছি যে আমাকে নিয়ে চিন্তা করো না। তারপর তারা একটু স্বাভাবিক হয়েছিল।’

রিশাদ লাহোর কালান্দার্সের হয়ে ম্যাচ খেলেছেন। পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে গেলেও মাঠে নামা হয়নি নাহিদের।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading