সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে একচুলও নড়ব না: অধ্যাপক রইস
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ মে, ২০২৫, আপডেট ১২:৩৫
সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে একচুলও নড়বেন না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
শুক্রবার (১৬ মে) সকালে কাকরাইল মসজিদের সামনে সমাবেশ শুরু আগে তিনি এই কথা জানান।
রইস উদ্দিন বলেন, ‘ঢাকা শহরের প্রাণকেন্দ্র এই তিনদিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীরা জড়ো হওয়ায় জনদুর্ভোগের কারণ হয়েছে, সেটা জানি। আমাদের দাবি যদি যৌক্তিক হয়, সেটাতো প্রথমদিনই সরকার আন্তরিক হলে নিরসন করতে পারতো। কিন্তু সেটা এখনও নিরসন হয়নি।’
তিনি আরও বলেন, ‘জগন্নাথ অবহেলিত, বঞ্চিত ও নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য। এই বৈষম্য নিরসনের জন্য শিক্ষার্থীদের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাই একাট্টা। আমাদের দাবি পূর্ণাঙ্গরুপে মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনিত হয়েছি, আর পেছনে যাওয়ার সুযোগ নেই।’
শিক্ষক-শিক্ষার্থীরা টানা রাজপথে অবস্থান করায় তারা অসুস্থ হয়ে পড়েছে জানিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, ‘সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ থেকে একচুলও সরবো না। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত যে সরকার আমাদের হুমকি ধামকি দেয় কিংবা স্টিমরোলারও চালানোর চেষ্টা করে, তাহলে আমরা রুখে দেব। যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায় তবুও আন্দোলন চালিয়ে যাবো।’
তিন দফা দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন জবি শিক্ষার্থীরা। বৃহস্পতিবারও কাকরাইল মসজিদের সামনে অবস্থান নেন তারা। নতুন করে আরও এক দফা দাবি যোগ করেছেন শিক্ষার্থীরা।
এদিকে, চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন এর ঘোষণা দেয়া হয়েছে। চলবে না বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা। দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।
ইউডি/এআর

