ঢাকা দক্ষিণ সিটির প্রশাসককে ওয়াসার এমডির বাড়তি দায়িত্ব
উত্তরদক্ষিণ। রবিবার (১৮ মে) ২০২৫, আপডেট ২৩:০০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়াকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও দেওয়া হয়েছে।
প্রশাসকের দায়িত্বের পাশাপাশি তিনি অতিরিক্ত হিসেবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করবেন।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আন্দোলনের মধ্যে রবিবার (১৮ মে) স্থানীয় সরকার বিভাগের এ সিদ্ধান্ত এল।
এদিন বিকালে স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে বাড়তি এ দায়িত্ব দেওয়া হয়।
শাহজাহান মিয়া ঢাকা ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মুহা. মনিরুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের যুগ্ম সচিব মনিরুজ্জামান রোববার একদিনের জন্য ওয়াসার এমডির রুটিন দায়িত্ব ছিলেন। শনিবার আগের এমডি ফজলুর রহমানের শেষ কর্মদিবস ছিল ওয়াসায়।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ফজলুর রহমান ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে এসেছিলেন। তাকে আবার স্থানীয় সরকার বিভাগে ফিরিয়ে নেওয়া হয়েছে।
এর আগে প্রশাসন ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা শাহজাহান মিয়াকে এ বছরের ১৩ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করে সরকার।
আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্যসব সিটি করপোরেশনের মত ১৯ অগাস্ট ঢাকা দক্ষিণ সিটির মেয়রকে সরিয়ে প্রশাসক নিয়োগ দেয় সরকার।
ইউডি/এবি

