প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমরা যাচ্ছি না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না, আমরা যাচ্ছি না: পরিকল্পনা উপদেষ্টা

উত্তরদক্ষিণ। শনিবার, ২৪ মে, ২০২৫, আপডেট ১:০৫

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না। তিনি চলে যাবেন বলেননি। তিনি অবশ্যই থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না।’

শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে এনইসি সম্মেলনকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। বেলা ২টা ২০ মিনিটের দিকে বৈঠক শেষ হয়। পরে বৈঠক শেষে এসব কথা বলেন পরিকল্পনা উপদেষ্টা।

সাংবাদিকদের পরিকল্পনা উপদেষ্টা বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাজ এগিয়ে নিতে গেলে যেসব প্রতিবন্ধকতা হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বড় পরিসরে আগামী নির্বাচন ও সুসজ্জিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণে যে ধরনের ক্ষেত্র তৈরি করা দরকার তা এগিয়ে নিতে আলোচনা করেছি।

তিনি আরও জানান, এই সরকার অভ্যুত্থানের সপক্ষে, সকল শক্তির সমর্থনে এসেছে। আমরা তো স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব পূর্ব অভিজ্ঞতার দায়িত্বও না। আমাদের প্রতি পূর্ণ সমর্থন সবারই আছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষ হওয়ার পরই এই অনির্ধারিত বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

দুপুর ২টার একটু পর বৈঠক থেকে বের হয়ে আসেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জরুরি কাজ থাকায় তিনি বের হয়ে এসেছেন বলে জানান।

সেসময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই ঘোষণা নিয়ে আলোচনা হচ্ছে বলে জানান। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করা হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে জানতে চাইলে সে সময় তিনি কিছু বলেননি।

এর কিছুক্ষণ পর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বের হতে দেখা যায়।

এর আগে এনইসি সম্মেলনকক্ষে বেলা ১১টায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে একনেক সভা শেষ হয়। বৈঠকে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading