রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় আল নাসর

রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় আল নাসর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ মে, ২০২৫, আপডেট ১৩:১০

জুনের ৩০ তারিখ পর্যন্ত আল নাসরের সঙ্গে চুক্তি রয়েছে রোনালদোর। তবে মৌসুমের শেষ ম্যাচে আল ফাতেহর কাছে হারের পর ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন পর্তুগালের এই তারকা। এরপর থেকেই গুঞ্জন ওঠে, ব্রাজিলে পাড়ি জমাচ্ছেন সিআরসেভেন। এরই মধ্যে হঠাৎ আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফের্নান্দো হিয়েরো এক বিবৃতি দিয়ে জানিয়েছেন রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে কাজ করছেন তারা।

সৌদি আরবে আড়াই বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত কোনো মেজর শিরোপা জিততে পারেননি রোনালদো। শুধু আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছেন তিনি। তবে সৌদিতে যাওয়ার পর গোলের বন্যা বইয়ে দিচ্ছেন সাবেক এই রিয়াল তারকা। আর এমন তারকাকে কোনোভাবেই ছাড়তে চাইবে না আল নাসর।

আল নাসরের স্পোর্টিং ডিরেক্টর ফের্নান্দো হিয়েরো বলেন, ‘রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি ৩০ জুন পর্যন্ত। আমরা তার চুক্তি নবায়নের চেষ্টা করব যেন তিনি আমাদের সঙ্গে থাকতে পারে। অনেক ক্লাব তাকে দলে নিতে আগ্রহী। রোনালদোর সঙ্গে চুক্তি নবায়নের জন্য আলোচনা করছি। ইনশাআল্লাহ, আমরা সমাধানে পৌঁছাতে পারবো।’

সম্প্রতি গুঞ্জন উঠেছে, ব্রাজিলিয়ান কিছু ক্লাব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছেন রোনালদো। যা তাকে আসন্ন ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ করে দেবে। যে কারণে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে।

আল নাসরে যোগ দেয়ার পর ১০৫ ম্যাচে ৯৯ গোল করেছেন রোনালদো। সদ্য শেষ হওয়া মৌসুমে ২৫টি লিগ গোল করেছেন তিনি। আল নাসর তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করায় আগামী মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ হারিয়েছে তারা। এছাড়াও ক্লাব বিশ্বকাপেও নেই আল নাসর।

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading