মেজর জিয়ার চরিত্রে অভিনয়ে আগ্রহী আরিফিন শুভ

মেজর জিয়ার চরিত্রে অভিনয়ে আগ্রহী আরিফিন শুভ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ মে, ২০২৫, আপডেট ১৩:৫০

চিত্রনায়ক আরিফিন শুভ শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ অভিনয় করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি আগ্রহ প্রকাশ করেছেন মেজর জিয়াউর রহমানের চরিত্রে অভিনয় করার।

সম্প্রতি সংবাদমাধ্যমে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ ইচ্ছা প্রকাশ করেন তিনি। বলেন,আমি একজন অভিনয়শিল্পী। আমার কাজ পর্দায় চরিত্রকে নিজের অভিনয় গুণ দিয়ে জীবন্ত করে তোলা। ‘মুজিব’ সিনেমায় অভিনয় করেছি। সুযোগ পেলে মেজর জিয়াউর রহমানের বায়োপিকেও অভিনয় করতে চাই।

শুভ আরও বলেন, আমাকে চরিত্রটির জন্য গুণী প্রযোজক, পরিচালকরা মানানসই বলে মনে করলে আমি অবশ্যই এ চরিত্র বাস্তবে রূপ দিতে আগ্রহী। কারণ আমি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমি শুধু অভিনয় বুঝি, আর সেটাই মনোযোগ দিয়ে করতে চাই।

‘মুজিব’ সিনেমার পারিশ্রমিক ও পূর্বাচলের প্লট প্রসঙ্গে কথা বলতে গিয়ে এ অভিনেতা বলেন, নানাভাবে এ ইস্যু নিয়ে অনেকে আমার সমালোচনা করেন। তাদের উদ্দেশে আমার প্রশ্ন, ‘শিল্পী’ কোটায় আমার আগে এ পর্যন্ত ১৫১ জন প্লট পেয়েছেন। তাদের মধ্যে তো কেউ ‘মুজিব’ সিনেমায় ছিলেন না। কেউ এক টাকা পারিশ্রমিক নেননি। তাহলে তারা কীভাবে পেলেন?

বিষয়টির ব্যাখ্যা দিয়ে শুভ বলেন, আমি নিয়ম মেনে আবেদন করেছি। সরকারের কাছে নির্ধারিত অর্থ জমা দিয়েছি, বাকিরাও ঠিক একইভাবে পেয়েছেন। কিন্তু আমার ক্ষেত্রে গল্পটা আলাদা করে বলা হচ্ছে। ‘মুজিব’ সিনেমায় এক টাকার পারিশ্রমিক আর পূর্বাচলের জমি এক সুতায় গেঁথে মুখরোচক গল্প তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, যা উচিত নয়।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমার পর্দায় ফিরছেন আরিফিন শুভ। এবারের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত নতুন সিনেমা ‘নীলচক্র’। এ সিনেমায় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে শুভকে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading