প্রধান উপদেষ্টাকে জাতির কাছে দেয়া ওয়াদা রক্ষা করতে হবে: জামায়াত আমির

প্রধান উপদেষ্টাকে জাতির কাছে দেয়া ওয়াদা রক্ষা করতে হবে: জামায়াত আমির

উত্তরদক্ষিণ। সোমবার (৯ জুন), ২০২৫, আপডেট, ১৫:৫৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের সার্বিক অবস্থা ও আবহাওয়া বিবেচনায় নির্বাচন এপ্রিলের পরে না হওয়াই উচিত। তবে প্রধান উপদেষ্টা জাতিকে যে নির্বাচনের সময়সূচি দিয়েছেন, তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে।

সোমবার (৯ জুন) দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শহরের ইসলামী ব্যাংকের সামনে ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমির মো. এমাদুল ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী নির্বাচন যেন অনিশ্চয়তায় না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। জনগণ যেন নিজের পছন্দের আদর্শিক দল ও প্রার্থীকে ভোট দিতে পারে, সে জন্য সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।’
 
যুবকদের উদ্দেশে জামায়াত আমীর বলেন, ‘সাড়ে পনেরো বছর তোমরা ভোট দিতে পারোনি। এখন অনেকের বয়স হয়নি ঠিকই, তবে ভোটের আগে হয়ে যাবে। তাই সরকারের উচিত, সিডিউল ঘোষণার আগে যাদের বয়স ১৮ হবে, তাদের সবার ভোটাধিকার নিশ্চিত করা।’
  
তিনি আরও বলেন, ‘এই যুবকরাই লড়াই করে বর্তমান সরকারকে গঠন করেছে। তাই তাদের পুরস্কারস্বরূপ ভোটাধিকার নিশ্চিত করা উচিত।’
 
প্রবাসীদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, ‘দেশের বাইরে থেকেও তারা জীবন বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছেন। অনেকেই এখনও প্রবাসের জেলে বন্দি। তাদের মুক্তি ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে প্রবাসীদের ভোটাধিকারও নিশ্চিত করতে হবে। তাদের শুধু রেমিট্যান্স যোদ্ধা বলে অভিহিত করলেই চলবে না, ভোটার হিসেবেও মর্যাদা দিতে হবে।’
 
অবৈধ অর্থ প্রসঙ্গে ডা. শফিক বলেন, ‘দেশের উন্নয়নে অর্থের প্রয়োজন আছে, তবে কালো টাকার কোনো প্রয়োজন নেই। জামায়াতে ইসলামীসহ ইসলামী দলগুলোর বিরুদ্ধে চাঁদাবাজির কোনো অভিযোগ নেই। কারণ এসব দল আল্লাহকে ভয় করে, তাদের আদর্শ আল ইসলাম, সংবিধান আল কোরআন এবং মডেল মদিনা। এজন্য তারা কোনো অপকর্মে লিপ্ত নয়।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading