আমেরিকার প্রস্তাব প্রত্যাখ্যান, পারমাণবিক চুক্তির বিকল্প প্রস্তাব দেবে ইরান
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১০ জুন), ২০২৫, আপডেট, ০৯:০০
আমেরিকার অগ্রহণযোগ্য প্রস্তাবের জবাবে ইরান শিগগিরই একটি বিকল্প পারমাণবিক চুক্তির প্রস্তাব ওমানের মাধ্যমে ওয়াশিংটনকে দেবে বলে জানিয়েছে তেহরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকার প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এটি আগের আলোচনার ভিত্তিতে নয়। আমরা নিজেদের একটি যুক্তিসঙ্গত, যৌক্তিক ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব তৈরি করছি, যা ওমানের মাধ্যমে অন্য পক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে।
ইসমাইল বাঘায়ি বলেন, অবরোধ তুলে নেওয়ার আগে নিশ্চিত হতে হবে, ইরান অর্থনৈতিকভাবে উপকৃত হবে এবং আন্তর্জাতিক ব্যাংক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হবে।
এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মে মাসের শেষ দিকে আমেরিকা যে প্রস্তাব দিয়েছে, তেহরান সেটির বিরুদ্ধে নেতিবাচক জবাব প্রস্তুত করছে। ইরানি কূটনীতিকরা বলেন, আমেরিকার প্রস্তাব ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুত ইউরেনিয়াম বিদেশে পাঠানো ও অবরোধ তুলে নেওয়ার কার্যকর পদ্ধতি নিয়ে চলমান মতপার্থক্যের সমাধান করতে ব্যর্থ হয়েছে।
সংবাদ সম্মেলনে বাঘায়ি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবিও জানান। তিনি বলেন, যেসব পক্ষ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে, তারাই ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচিকে শক্তিশালী করতে সক্রিয়ভাবে সহায়তা করছে।
ইউডি/এবি

