অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৮
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১০ জুন), ২০২৫, আপডেট, ১৬:০০
অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, BORG Dreierschützengasse নামের একটি স্কুলে গুলির খবর পাওয়া যায়। সেখানে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম ইউরো নিউজ জানিয়েছে, মঙ্গলবারের (১০ জুন) এ ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন। তবে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ বলছে, অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে মঙ্গলবার বন্দুকধারীর গুলিতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
আটজন নিহতের তথ্য দিয়ে এনবিসির করা প্রতিবেদন।
অস্ট্রিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম ওআরএফ জানিয়েছে, গ্রাজে স্কুলে বন্দুক হামলার পর প্রায় এক ঘণ্টা ধরে সেখানে বড় ধরনের পুলিশি অভিযান চলছে।
পুলিশের মুখপাত্র ফ্রিটজ গ্রুন্ডনিগ ওআরএফ-কে জানিয়েছেন, গুলিতে ‘প্রাণহানি হতে পারে’ এবং সন্দেহভাজন বন্দুকধারী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ইউডি/এবি

