বাংলাদেশ শ্রম অধিকার নিশ্চিতে আরো সক্রিয় হবে: উপদেষ্টা

বাংলাদেশ শ্রম অধিকার নিশ্চিতে আরো সক্রিয় হবে: উপদেষ্টা

উত্তরদক্ষিণ। বুধবার, ১১ জুন, ২০২৫, আপডেট ২৩:২০

শ্রম অধিকার সুরক্ষা এবং শোভন কর্মপরিবেশ নিশ্চিতকরণে বাংলাদেশ আরো নিবিড়ভাবে কাজ করতে চায় বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সদর দপ্তরে ১১৩তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে (প্ল্যানারি সেশন) তিনি এ মন্তব্য করেন। বুধবার (১১ জুন) জেনেভায় অনুষ্ঠিত এ অধিবেশনে বক্তৃতা প্রদানকালে শ্রম উপদেষ্টা বলেন, ‘‘শ্রম অধিকার, নিরাপদ ও শোভন কর্মপরিবেশ এবং শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এসব ক্ষেত্রে আইএলওর কারিগরি সহায়তায় বাংলাদেশ আরো নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।’’

শ্রম উপদেষ্টা জানান, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে ট্রেড ইউনিয়ন কর্মীদের বিরুদ্ধে অধিকাংশ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ পুনর্গঠন করা হয়েছে এবং আন্তর্জাতিক শ্রম মানের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রম আইন ২০০৬ সংশোধনের কাজ চলমান রয়েছে।

শ্রম পরিদর্শন ব্যবস্থাকে শক্তিশালী করতে নতুন করে ১২২ জন শ্রম পরিদর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান উপদেষ্টা। পাশাপাশি তিনি জানান, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আইএলও কনভেনশন সি১৫৫, সি১৮৭ এবং সি১৯০ অনুস্বাক্ষরের প্রক্রিয়া চলছে।

এম সাখাওয়াত হোসেন বলেন, “বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার ন্যায্য বাণিজ্য, অভিবাসন সুবিধা এবং প্রযুক্তিগত বৈষম্য হ্রাসে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে উন্নয়ন সহযোগিতার তহবিল হ্রাস পাওয়ায় সরকার উদ্বিগ্ন এবং শ্রমখাতে আইএলওর আরো সহযোগিতা প্রত্যাশা করছে।’’

সম্মেলনে আইএলওর গভর্নিং বডি ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি দেয়ায় বাংলাদেশ সাধুবাদ জানায়। শ্রম উপদেষ্টা বলেন, “আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন ফিলিস্তিনি বেসামরিক জনগণের সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা হয়।”

সম্মেলনে ১৮৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, বাংলাদেশ এমপ্লোয়ার্স ফেডারেশন, ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ইউডি/কেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading