ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র কারখানায় ইসরায়েলের হামলা
উত্তরদক্ষিণ। শুক্রবার (১৩ জুন), ২০২৫, আপডেট, ১১:২০
ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় ভোররাত ৪টার পর এ হামলা শুরু হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
তেল আবিব বলছে, তেহরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে একটি দীর্ঘমেয়াদি অভিযানের শুরু হিসেবে এই হামলা চালাল তাদের সামরিক বাহিনী।
ইরানি সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স লিখেছে, দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নাতাঞ্জসহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে। একইসঙ্গে সম্ভাব্য পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তাদের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন এবং তেহরানে বাহিনীর সদর দপ্তরেও হামলা হয়েছে। রাজধানীর একটি আবাসিক এলাকায় হামলায় কয়েকজন শিশুরও মৃত্যুর খবর এসেছে।
ইউডি/এবি

