সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনসহ পাঁচ বিষয়ে ‘সকলে একমত’: আলী রীয়াজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনসহ পাঁচ বিষয়ে ‘সকলে একমত’: আলী রীয়াজ

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১৭ জুন) ২০২৫, আপডেট ২৩:৫৫

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপের প্রথম দিনে পাঁচটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ‘ঐকমত্যে’ পৌঁছার কথা বলেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

এই পাঁচটি বিষয় হল-সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে, ১০০ সংরক্ষিত নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগের বিধান পরিবর্তন।

মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার মুলতবি বৈঠক শুরু হয়। বৈঠকের পর সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে আসেন কমিশনের সহসভাপতি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, “সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়ে কিছু কিছু দল পুনর্বিবেচনার কথা বলেছিল। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে আলোচনার পর এ বিষয়ে একমত হতে পেরেছি যে ৭০ অনুচ্ছেদের বিদ্যমান বিধান পরিবর্তন করা হবে।”

এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মনোনীত সংসদ সদস্যরা অর্থ বিল ও আস্থা ভোটে দলের পক্ষে থাকবেন।

তিনি বলেন, “সরকারি হিসাব, বিশেষ অধিকার, অনুমিত হিসাব ও সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিসহ জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি পদে আসনের সংখ্যানুপাতে বিরোধীদলের মধ্য থেকে নির্বাচন করার ব্যাপারে সকলে একমত হয়েছি।”

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আলী রীয়াজ বলেন, “জাতীয় সংসদের নারীর প্রতিনিধিত্বের বিষয়, জাতীয় সংসদের ১০০টি সংরক্ষিত আসনের বিষয়ে একমত হয়েছে সকলে। এর পদ্ধতির জন্য আলোচনা হচ্ছে। এ আলোচনা অব্যাহত থাকবে।

“আগামী সপ্তাহে এ বিষয়ে এখানকার আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের অবস্থানের পরিবর্তন প্রয়োজন হলে দলের সাথে আলোচনা করে আমরা এই বিষয়ে কথা বলবো।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading