সরকারি দপ্তরে ঘুষ-দুর্নীতির শিকার ৩২% সেবাগ্রহিতা: জরিপ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ জুন) ২০২৫, আপডেট ২৩:০০
গত এক বছর দেশের যেসকল নাগরিক সরকারি সেবা গ্রহণ করতে বিভিন্ন দপ্তরে গিয়েছেন তাদের মধ্যে ৩২ শতাংশ ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছেন বলে সরকারেরই জরিপে উঠে এসেছে।
ঘুষ ও দুর্নীতি সবচেয়ে বেশি হয় বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএতে সেবা গ্রহণের ক্ষেত্রে। জরিপে অংশ নেওয়া ৬৩ দশমিক ২৯ শতাংশ নারী-পুরুষ বলেছেন, তারা এ সংস্থায় গিয়ে ঘুষ ও দুর্নীতির কবলে পড়েন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ‘সিটিজেন পারসেপশন সার্ভেতে (সিপিএস) এ চিত্র উঠে এসেছে।
বৃহস্পতিবার সংস্থার মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে জরিপের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে তথ্য তুলে ধরেন এ প্রকল্পের পরিচালক রাশেদ-ই-মাসতাহাব।
অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
চলতি বছর ফেব্রুয়ারি মাসে ৬৪ জেলার ১ হাজার ৯২০টি প্রাথমিক নমুনা ইউনিট থেকে ৪৫ হাজার ৮৮৮টি খানার ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট ৮৪ হাজার ৮০৭ জন নারী-পুরুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এই জরিপ চালানো হয়।
জরিপে নাগরিকদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতার ভিত্তিতে নিরাপত্তা, সুশাসন, সরকারি সেবার মান, দুর্নীতি, ন্যায়বিচারে প্রবেশাধিকার এবং বৈষম্য বিষয়ক এসডিজি ১৬ এর ছয়টি সূচকের অগ্রগতি মূল্যায়ন করা হয়েছে।
জরিপের প্রশ্নপত্র জাতিসংঘ নির্ধারিত আন্তর্জাতিক মান ও পদ্ধতি অনুসরণ করে তৈরি করা হয়েছে বলে অনুষ্ঠানো বলা হয়েছে।
ইউডি/এবি

