জুলাই শহীদদের স্মরণে নির্মিত হবে গণমিনার

জুলাই শহীদদের স্মরণে নির্মিত হবে গণমিনার

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ জুন) ২০২৫, আপডেট ২৩:৩০

জুলাই আন্দোলনে সংঘটিত গণপ্রতিরোধ ও আত্মত্যাগকে মনে রাখার জন্য সর্বস্তরের নাগরিকদের অংশগ্রহণে গণমিনার নির্মাণের উদ্যোগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় গণমিনার বাস্তবায়ন কমিটির সদস্যরা। গণমিনারের স্থান হিসেবে বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান ও বিজয় সরণির মধ্যবর্তী সবুজ চত্বরকে নির্ধারণ করা হয়েছে।

মিনার নির্মাণ ও সার্বিক কার্যক্রম প্রসঙ্গে চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি কামার আহমাদ সাইমন বলেন, লাখ লাখ মানুষ জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করলো, এই যে হাজার হাজার মানুষ জীবন দিলো, তাদের যেন ভুলে না যাই সেজন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। মিনার হচ্ছে পাবলিক প্লেস। মিনার সাধারণত সম্মান প্রদর্শন করার জায়গা। আমরা মিনারটিকে দুইভাবে করতে পারি। একটি হচ্ছে—দেয়াল, আরেকটি এপিটাফ–১ হাজার ৪০০ শহীদের নাম, জন্ম ও মৃত্যুর সময়, পেশা, কোথায় শহীদ হয়েছেন সেই তথ্যগুলো দিয়ে আমরা ফলক তৈরি করতে পারি।

তিনি বলেন, এছাড়াও গণমিনার বাস্তবায়ন কমিটি সর্বসম্মতিক্রমে বেশ কিছু পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে। যেমন–ঢাকা উত্তর সিটি করপোরেশন গণমিনার নির্মাণের জন্য জমি বরাদ্দ, অর্থ ও প্রকৌশল সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে; জুলাই গণঅভ্যুত্থানে জাতিসংঘ স্বীকৃত ১ হাজার ৪০০ শহীদের নাম ও পরিচিতি খোদাই করে প্রস্তাবিত গণমিনারে সংরক্ষণ করা হবে; এই ভূখণ্ডে গত ২৫০ বছরের প্রতিরোধ ও লড়াইয়ের ইতিহাস চিত্র ও খোদাইয়ের মাধ্যমে গণমিনারে তুলে ধরার পরিকল্পনা রয়েছে; এই ‘গণমিনার’ হবে এমন এক স্মরণস্থল, যা রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সব মত ও পথের মানুষের সম্মিলিত গণউদ্যোগে প্রতিষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ৫ আগস্টের জয়ের মাধ্যমে এ দেশের মানুষ মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে। এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন ১ হাজার ৪০০ জন এবং আহত হয়েছেন হাজার হাজারজন। তাদের স্মরণে নির্মিত হবে গণমিনার। গণমিনার বাস্তবায়নে গণমানুষের সম্পৃক্ততার লক্ষে গণচাঁদার সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading