ইরানের সমর্থনে তেহরান-বাগদাদ-বৈরুতের রাস্তায় লাখো মানুষ
উত্তরদক্ষিণ। শুক্রবার (২০ জুন) ২০২৫, আপডেট ২৩:৪০
ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানের রাজধানী তেহরান, ইরাকের বাগদাদ ও লেবাননের বৈরুতে।
শুক্রবার (২০ জুন) জুমার পর বিক্ষোভ-মিছিল বের করেন লাখো মানুষ। ব্যানার-পতাকা হাতে নিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলে এর প্রতিবাদও জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভের ছবিগুলোতে দেখা গেছে, জুমার নামাজের পর তেহরানের রাস্তায় অসংখ্য মানুষ নেমে আসেন। ইসরায়েলের হামলায় নিহত ইরানি কমান্ডারদের ছবি নিয়ে তারা মিছিল করেন। অনেকে ইরান, ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকা তুলে ধরেন। বিক্ষোভে ইরানের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেন।
তেহরানে মিছিলে এক বিক্ষোভকারী তার পোস্টারে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য নিজের আত্মত্যাগের বার্তা তুলে ধরেন। পোস্টারে সেই বিক্ষোভকারী লেখেন, ‘আমি আমার নেতার জন্য জীবন উৎসর্গ করব’।
আল জাজিরা লিখেছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংবাদ উপস্থাপক এদিন বলে ওঠেন, আজকের এ শুক্রবার ইরানি জাতির ঐক্য ও প্রতিরোধের দিন’। উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ ও দক্ষিণে শিরাজেও মানুষ ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে নামেন।
ইউডি/এবি

