ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯২

উত্তরদক্ষিণ। সোমবার, ২৩ জুন, ২০২৫, আপডেট ১:৫৫

রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯২ জন রোগী। এসব রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১২৬ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। একইসঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়াদের মধ্যে একজনের বাড়ি বরিশালে এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।

সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ১২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩১ জন, ঢাকা উত্তর সিটিতে ২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৪ জন, খুলনা বিভাগে ২৫ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন, ময়মনসিংহে ১ জন ও রংপুরে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে, একদিনে সারা দেশে ২৬০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৭৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৮ হাজার ১৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছে ৫৭৫ জন। এর আগে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ও পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading