আলোচনা প্রত্যাখ্যান, আরও কঠোর কর্মসূচি দিলেন এনবিআরের আন্দোলনকারীরা
উত্তরদক্ষিণ। বুধবার (২৫ জুন) ২০২৫, আপডেট ২২:৪০
আলোচনায় বসতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ডাকে সাড়া না দিয়ে আরও কঠোর কর্মসূচি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। জোটের নেতারা জানান, চেয়ারম্যানকে অপসারণ করাসহ ২৭ জুনের মধ্যে দাবি না মানলে ২৮ জুন শাটডাউনের পাশাপাশি পালন করা হবে মার্চ টু এনবিআর কর্মসূচি।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতো কলম বিরতি শুরুর আগেই আলোচনায় বসার ডাক দেন অর্থ-উপদেষ্টা। বুধবার (২৫ জুন) সকালে উপদেষ্টা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার ঐকমত্যের ভিত্তিতে ৩১ জুলাইয়ের মধ্যে জারি করা অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন করা সম্ভব হবে। বৃহস্পতিবার (২৬ জুন) আলোচনায় বসারও আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
কিন্তু নিজেদের অবস্থানে অনড় থেকে বিকেলে সংবাদ সম্মেলন করে অর্থ-উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার ডাক প্রত্যাখ্যানের কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা।
এসময় ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করাসহ তাদের দাবি মেনে নেয়া না হলে ২৮ জুন শাটডাউনের পাশাপাশি মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এছাড়াও কর্মীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে প্রতিহতের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বৃহস্পতিবারও কর্মবিরতি পালন করবেন তারা।
তবে আন্তর্জাতিক যাত্রীসেবা ও রফতানি কার্যক্রম এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কঠোর কর্মসূচির বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
ইউডি/এবি

