৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা মানা হবে না: ইনকিলাব মঞ্চ

৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা মানা হবে না: ইনকিলাব মঞ্চ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৭ জুন, ২০২৫, আপডেট ১৪:০০

আমরা বেঁচে থাকতে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে দেওয়া হবে না। সরকার এমন কিছু করলে ঐদিন সারাদেশে পালিত হবে বিপ্লব-বেহাত দিবস বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।

শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে ইনকিলাব মঞ্চ আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন শরীফ ওসমান বিন হাদী।

তিনি বলেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করতে চায়। আমরা তা হতে দেবো না। ৮ আগস্ট আবার কোথা থেকে আসলো? আমাদের জাতীয় মুক্তি দিবস ৫ আগস্ট। ৮ আগস্ট যদি সরকার এমন কিছু করতে চায় আমরা সেদিন বিপ্লব-বেহাত দিবস পালন করবো। এসময় শরীফ ওসমান ৩৬শে জুলাই তথা ৫ আগস্টকে জাতীয় মুক্তি দিবস কিংবা দ্বিতীয় স্বাধীনতা দিবস ঘোষণার দাবি জানান।

এসময় তিনি দাবি করেন, শহীদ আবু সাঈদ দিবসকে শুধু আবু সাঈদ দিবস না করে বরং জুলাই শহীদ দিবস বা শহীদ দিবস ঘোষণা করার। যাতে অন্যান্য শহীদের পরিবার এই দিবসটিকে সমানভাবে নিজের করে নিতে পারে।

সাবেক ইসি নূরুল হুদাকে জুতার মালা পরানোর পর যারা এটিকে মব বলছেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ সাহেবকে মুক্তিযুদ্ধ মঞ্চের লোকেরা তার অফিসে গিয়ে দাঁড়ি ধরে টেনে হিঁচড়ে নিয়ে এসেছে। তখন কেউ তাদের মব সন্ত্রাস বলেনি আর এখন সুশীলতা দেখানো হচ্ছে।

এসময় শুধু আলিয়া মাদরাসা বোর্ড নয়, বরং জুলাই অভ্যুত্থানে কওমি মাদরাসার শিক্ষক-ছাত্রদের অবদানকে স্বীকৃতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় নিয়ে দিনটিকে উদযাপনের দাবি তোলা হয়।

জুলাইয়ের ১ তারিখ ‘লাল মার্চ’ কর্মসূচির উল্লেখ করে শরীফ ওসমান বলেন, আগামী জুলাইয়ের এক তারিখ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল ৪টায় মানিক মিয়া এভিনিউয়ে ছাত্র-জনতা রওয়ানা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে।

তিনি আরও বলেন, সেদিন লাল মার্চে যে সব জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবেন, ছাত্র-জনতা আসবেন, জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে। আমরাও তাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading