জুলাই শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম

জুলাই শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম

উত্তরদক্ষিণ। মঙ্গলবার (০১ জুলাই) ২০২৫, আপডেট ২৩:২০

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে হালনাগাদ তালিকাটি গেজেট আকারে প্রকাশ করা হয় সোমবার (৩০ জুন)। সরকারি গেজেট অনুযায়ী, এই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়ালো ৮৪৪।

প্রকাশিত গেজেটে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই-যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর সংশ্লিষ্ট ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের কার্যবিধি অনুযায়ী গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহীদদের গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, নতুন করে তালিকাভুক্ত হওয়া ১০ শহীদ হলেন- কুড়িগ্রামের মো. রফিকুল ইসলাম, শরীয়তপুরের নড়িয়ার বাঁধন, ঢাকার পূর্ব সেনপাড়া পর্বতা এলাকার কবির, যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীর মো. নাসির হোসেন, দনিয়ার মো. নুর হোসেন ও উত্তর কুতুবখালীর মো. আসলাম, চট্টগ্রামের ডবলমুরিংয়ের মো. হাছান, নোয়াখালীর সোনাইমুড়ীর ইয়াছিন, যশোর সদরের আ. আজীজ এবং বাগেরহাটের মোরেলগঞ্জের মো. নুরু বেপারী।

জানা যায়, তালিকায় শহীদদের নাম ছাড়াও গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, পিতার নাম, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা উল্লেখ রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর ৭ (ক) ধারা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এর ক্রমিক নম্বর-২৩ এর দেওয়া ক্ষমতাবলে সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা ছাড়াও পরিবারের সদস্যদের পুনর্বাসনে বিভিন্ন কর্মসূচি নিচ্ছে সরকার।

এর আগে, চলতি বছরের ১৫ জানুয়ারি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় ৮৩৪ জন শহীদের গেজেট প্রকাশ করা হয়।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading