কানাডীয় পণ্যে ৩৫% শুল্ক আরোপ ট্রাম্পের

কানাডীয় পণ্যে ৩৫% শুল্ক আরোপ ট্রাম্পের

উত্তরদক্ষিণ। শুরবার, ১১ জুলাই, ২০২৫, আপডেট ১১:৩০

এবার কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী ১ আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

শুক্রবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক চিঠিতে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে এ ঘোষণা দেন।

এর আগেও যুক্তরাষ্ট্র কানাডার কিছু পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের বিশ্বব্যাপী স্টিল, অ্যালুমিনিয়াম ও গাড়ি শিল্পে আরোপিত শুল্কের প্রভাব ইতোমধ্যে কানাডায় পড়তে শুরু করেছে।

বিবিসি বলছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্পের এই চিঠিটি মূলত এমন ২০টিরও বেশি চিঠির একটি, যেগুলো ট্রাম্প এই সপ্তাহে আমেরিকার বিভিন্ন বাণিজ্য অংশীদারদের– যেমন জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কার– উদ্দেশে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এসব দেশের ওপরও আগামী ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে।

অবশ্য কানাডার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক ইতোমধ্যেই আরোপ করা হয়েছে, তবে বর্তমানে উত্তর আমেরিকান মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় কিছু পণ্যে ছাড় রয়েছে। তবে নতুন যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্প দিয়েছেন, তা এই চুক্তিভুক্ত পণ্যের ওপরেও কার্যকর হবে কিনা, তা স্পষ্ট নয়।

ট্রাম্প আরও জানিয়েছেন, এই ৩৫ শতাংশ শুল্ক হবে আগের খাতভিত্তিক শুল্ক থেকে আলাদা। উল্লেখ্য, এর বাইরে ট্রাম্প বিশ্বজুড়ে স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানিতে ৫০ শতাংশ এবং আমেরিকার বাইরে তৈরি হওয়া গাড়ি ও ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক দিয়েছেন।

কানাডা আমেরিকা রপ্তানির মাধ্যমে তাদের প্রায় তিন-চতুর্থাংশ পণ্যের বাজার ধরে রেখেছে। উত্তর আমেরিকার এই দেশটি গাড়ি উৎপাদন এবং ধাতু সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র, ফলে এসব খাতে এই শুল্ক ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘আপনারা যদি আমেরিকার পণ্য উৎপাদন বা কারখানা নির্মাণ করেন, তাহলে কোনো শুল্ক দিতে হবে না। ’

এছাড়া তিনি আমেরিকা ফেন্টানিল প্রবেশ ঠেকাতে কানাডার ব্যর্থতা, কানাডার দুধশিল্পে আমেরিকার বিরুদ্ধে আরোপিত শুল্ক এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে এই নতুন শুল্কের যৌক্তিকতা ব্যাখ্যা করেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading