এফএফএসবির নতুন সভাপতি মসিহউদ্দিন শাকের
উত্তরদক্ষিণ। সোমবার, ১৪ জুলাই, ২০২৫, আপডেট ১৫:৫০
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের (এফএফএসবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বরেণ্য চলচ্চিত্রকার, স্থপতি ও দেশের অন্যতম জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী মসিহউদ্দিন শাকের।
শনিবার (১২ জুলাই) অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিতে সভাপতি পদে নবনিযুক্ত হন তিনি।
নির্বাচনে ফেডারেশনের সব সদস্য ও কার্যনির্বাহী কমিটি অংশ নেয়। ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সহ-সভাপতি চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক শৈবাল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনের সঞ্চালনায় সভায় এফএফএসবির কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্রকীর্তি ‘সূর্য দীঘল বাড়ি’র অন্যতম নির্মাতা মসিহউদ্দিন শাকের। তিনি ছাত্রজীবন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন।
ষাটের দশক থেকে তিনি চলচ্চিত্র সংসদ সংগঠক, চলচ্চিত্র শিক্ষক, চলচ্চিত্র বিষয়ক সংকলন সম্পাদনা, আলোচনা, প্রবন্ধ উপস্থাপনাসহ চলচ্চিত্রের নানা শাখায় বুদ্ধিবৃত্তিক অবদান রাখছেন।
এফএফএসবির নবনির্বাচিত সভাপতির দায়িত্ব গ্রহণের আগপর্যন্ত তিনি ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
প্রসঙ্গত, ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশের সভাপতি স্থপতি ও জ্যেষ্ঠ চলচ্চিত্র সংসদকর্মী লাইলুন নাহার স্বেমি গত ১২ ফেব্রুয়ারি মারা যান। তার প্রয়াণের ৫ মাস পর দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে নেতৃত্বদানের জন্য এফএফএসবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মসিহউদ্দিন শাকের।
ইউডি/এআর

