নারী আসন ও সংসদের উচ্চকক্ষ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি: ড. আলী রীয়াজ

নারী আসন ও সংসদের উচ্চকক্ষ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়নি: ড. আলী রীয়াজ

উত্তরদক্ষিণ। সোমবার (১৪ জুলাই) ২০২৫, আপডেট ২২:৫০

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, নারী আসন ও সংসদের উচ্চকক্ষ ইস্যুতে রাজনৈতিক ঐকমত্যেে পৌঁছাতে পারেনি দলগুলো। এ দুটি বিষয়ে মঙ্গলবার (১৫ জুলাই) আবারও আলোচনা হবে।

সোমবার (১৪ জুলাই) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৩তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, জাতীয় সংসদে নারীদের জন্য স্থায়ীভাবে ১০০ আসন করার ব্যাপারে সব দল একমত হয়েছে। এক্ষেত্রেও পদ্ধতিগত প্রশ্ন রয়ে গেছে। এর পদ্ধতি নির্ধারণে এখনও একমত হওয়া যায়নি।

তিনি জানান, বিদ্যমান ব্যবস্থায় আসন সংখ্যার সংখ্যানুপাতে ৫০ আসনকে ১০০ আসনে উপনীত করা বা সরাসরি নারী আসনে নির্বাচন- কমিশন প্রদত্ত এই দুই প্রস্তাবে একমত না হওয়ায় বিগত আলোচনার পরিপ্রেক্ষিতে কমিশন থেকে বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটি হলো- সংবিধানের ৬৫ অনুচ্ছেদের প্রয়োজনীয় সংশোধন করে ভিন্নভাবে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করা। এক্ষেত্রে যেসব রাজনৈতিক দল ২৫টির বেশি আসনে প্রার্থী দেয় তাদের মধ্যে থেকে ন্যূনতম এক-তৃতীয়াংশ নারী প্রার্থী নিশ্চিত করা।

তিনি বলেন, উচ্চকক্ষ গঠনের ব্যাপারেও ঐকমত্য হওয়া যাচ্ছে না। এ বিষয়ে কমিশন থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। একইসঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায়ও কিছু কিছু প্রস্তাব এসেছে, তাই বিষয়টি পুনর্বিবেচনার জন্য আলোচনা অব্যাহত থাকবে।

আলোচনায় বিএনপি, জামায়াত, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading