দেশ অস্থিতিশীল হলে পুরো দায়ভার জামায়াত-শিবিরকে নিতে হবে: ছাত্রদল সভাপতি
উত্তরদক্ষিণ। সোমবার (১৪ জুলাই) ২০২৫, আপডেট ২২:৩০
‘মব’ সৃষ্টিসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ অস্থিতিশীল হলে এর পুরো দায়ভার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে নিতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম।
বিক্ষোভ মিছিল শেষে সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় শাহবাগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ছাত্রদল সভাপতি এ কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে আজ দুপুরে নয়াপল্টন থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগে আসেন ছাত্রদলের নেতা–কর্মীরা।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ৫ আগস্ট–পরবর্তী সময়ে ছাত্রদলের মাধ্যমে ক্যাম্পাসে বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ছাত্রদল ঢাকা, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে ‘সহনশীলতার রাজনীতি উপহার’ দিয়ে চলেছে। সেখানে প্রতিনিয়ত ‘মব’ চললে ছাত্রদল শান্ত থাকবে না, সারা দেশে রাজপথে এর প্রতিবাদ জানাবে। যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, এর পুরো দায়ভার জামায়াত-শিবিরকে নিতে হবে।
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় ছাত্রশিবির কোনো ক্যাম্পাসে কেন মিছিল করেনি, সেই প্রশ্ন রাখেন ছাত্রদল সভাপতি। তিনি বলেন, ‘সাম্য ও পারভেজ হত্যার বিচারের দাবিতেও তারা কোনো ক্যাম্পাসে মিছিল করেনি। এটা দ্বারা প্রমাণিত হয়, ১৯৭১ সালে তারা যেভাবে ছাত্র সংঘের ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা–বোনদের ইজ্জতহানি করেছিল, সেই একই ধারায় আজও তারা গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে।’
ছাত্রদল সভাপতি বলেন, জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানে শিবিরের এক-দুজন সমন্বয়ক ছাড়া রাজপথের আন্দোলনে আর কারও অংশ নেওয়ার কোনো তথ্য নেই। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি। আজ থেকে ১০-১৫ বছর পরে প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ যদি আবারও পুনর্বাসন হয়, সেদিন শিবির সাধারণ শিক্ষার্থীদের কাঠগড়ায় দাঁড় করাবে। তারা সেদিন পুলিশ হত্যাসহ মব সৃষ্টির দায় ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেবে। তারা কোনো দায়ভার বহন করবে না।’
জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়ার পরেও তারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছে বলে দাবি করেন ছাত্রদল সভাপতি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটূক্তির জবাব অক্ষরে অক্ষরে দেওয়া হবে বলে ঘোষণা দেন।
ইউডি/এবি

