যদি আবার কেউ আসে, স্বপ্নে এসো সরাসরি নয়: সোনাক্ষী
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, আপডেট ০৮:২০
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার আসছেন একেবারে ভিন্নরূপে। এক রহস্যময়ী নারীর ভূমিকায়, যার জীবনের গভীরে লুকিয়ে আছে অতীতের ভয়, অপার ব্যথা এবং এক অজানা অন্ধকার।
এ ভূমিকায় অভিনয় করছেন সুপারন্যাচারাল থ্রিলার সিনেমা ‘নিকিতা রায়’-এ, যা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ শুক্রবার (১৮ জুলাই)।
‘নিকিতা রায়’ সিনেমায় অভিনেত্রীর চরিত্র কল্পনার হলেও ভয়ের অভিজ্ঞতা তার বাস্তবজীবনেও রয়েছে। সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, আমি কখনো ভূতের অস্তিত্বে বিশ্বাস করতাম না। কিন্তু সেই একটি রাত আমার বিশ্বাসকে পুরোপুরি বদলে দিয়েছিল।
তিনি বলেন, রাতের বেলা আধঘুম-আধজাগা অবস্থায় হঠাৎ আমার শরীর নিস্তেজ হয়ে যায়। একটা চাপ অনুভব করি। কারও উপস্থিতি টের পাই, কিন্তু চোখ খুলতে পারছিলাম না, নড়তেও পারছিলাম না। মনে হচ্ছিল, কোনো অশরীরী সত্তা আমাকে আটকে রেখেছে। সে রাতটা ছিল ভয়াবহ।
এমন অভিজ্ঞতা তার মনে আজও গভীর দাগ কেটে আছে। ঠিক তখনই তিনি বলেছিলেন— যদি আবার কেউ আসে, স্বপ্নে এসো– সরাসরি নয়। অনেকেই মনে করছেন, আসন্ন ‘নিকিতা রায়’ সিনেমার প্রস্তুতির সময়েই হয়তো এ স্মৃতি ফিরে এসেছে সোনাক্ষীর মনে।
সিনেমাটির কেন্দ্রে রয়েছে নিকিতা নামে এক নারী, যার জীবনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। অতীতের কিছু অপূরণীয় ঘটনার ভার, অপরাধবোধ এবং মানসিক বিভ্রান্তি মিলিয়ে তৈরি হয় এক ঘোরলাগা পরিস্থিতি।
এক রাতে ঘটনার সূত্রপাত হয় এমনভাবে, যা তাকে ঠেলে দেয় এক অজানা ও অতিপ্রাকৃত জগতে। সিনেমার টানটান চিত্রনাট্যে ধীরে ধীরে উন্মোচিত হয় এক ভয়াবহ সত্য, যা কল্পনার চেয়েও ভয়ানক। নিকিতা চরিত্রে সোনাক্ষীর পারফরম্যান্স এ সিনেমার মূল চালিকাশক্তি। প্রথমবারের মতো এমন এক চরিত্রে দেখা যাবে তাকে, যেখানে তাকে শুধুই ভয় পাওয়ার নয়, ভয়কে ধারণ করে এগোতে হয় এক অজানা গন্তব্যের দিকে।
এ সিনেমার আরেকটি বিশেষ দিক হলো—সোনাক্ষীর ভাই কুশ সিনহা। এটিই তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা। কুশ সিনহা জানিয়েছেন, সোনাক্ষীর এ চরিত্রটি অতিমানসিক ও আবেগপ্রবণ। সিনেমার জন্য নিজেকে ভেঙে গড়েছেন সোনাক্ষী।
এর চিত্রনাট্য লিখেছেন ‘ফোবিয়া’ ও ‘ভূত পুলিশ’খ্যাত পবন কৃপালানি, যিনি বলিউডের থ্রিলার ও হরর ঘরানার দর্শকদের কাছে নির্ভরযোগ্য নাম।
ভাই কুশ সিনহা পরিচালিত প্রথম সিনেমা। এ সিনেমা সম্পর্কে সোনাক্ষী সিনহা বলেন, দুর্দান্ত শুটিং করেছি এবং এটা আমার কাছে বিশেষ একটি কাজ। কারণ আমি ভাইয়ের প্রথম সিনেমায় অভিনয় করতে পারলাম। সিনেমার বাকি কলাকুশলীরা আমাকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, পরেশজির সঙ্গে এটা আমার প্রথম কাজ এবং তার সঙ্গে এক পর্দায় অভিনয় করা সম্মানের। শুটিংটা চ্যালেঞ্জিং ছিল, তাই আরও বেশি মজা পেয়েছি। এই ইউনিটের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে।
‘নিকিতা রায়’ সিনেমায় সোনাক্ষী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরেশ রাওয়াল, অর্জুন রামপাল ও সুহেইল নায়ার প্রমুখ।
এর আগে সিনেমাটি গত ২৭ জুন মুক্তি পাওয়ার কথা থাকলেও, সেই তারিখে কাজলের ‘মা’ ও ‘হাউসফুল ৫’-এর মতো বড় বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় যথাযথ স্ক্রিন টাইম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।
সিনেমাটি পরিবেশন করছে বাওয়েজা স্টুডিওজ, ব্লিস এন্টারটেইনমেন্ট, কার্মিক ফিল্মস ও মুভিজ পিটিই লিমিটেড। আর প্রযোজনা প্রতিষ্ঠান নিকি ভিকি ভাগনানি ফিল্মস ও নিকিতা পাই ফিল্মস লিমিটেড যৌথভাবে সিদ্ধান্ত নেয় সিনেমাটি আগামীকাল মুক্তি দেওয়ার।
‘হীরামান্ডি’খ্যাত অভিনেত্রী সোনাক্ষী সম্প্রতি কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি নিয়ে তিনি বলেন, অভিনয় তার জীবনের একটি অংশ মাত্র; সবকিছু নয়। তিনি বলেন, আমি এমন কাজ চাই, যা একেবারে ভিন্ন হবে এবং আমাকে চ্যালেঞ্জ জানাবে। সেগুলোই আমার মাপকাঠি। ভালো কাজ করার পর এমন অবস্থানে পৌঁছাই, যেখান থেকে বলতে পারি– আমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি।
ইউডি/কেএস

