একাদশে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই, ফি ২২০ টাকা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (২৪ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৫৯
চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী এবারও তিনটি ধাপে ভর্তির আবেদন নেয়া হবে। প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই। এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত।
প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ নীতিমালা প্রকাশ করা হয়। এতে সই করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস।
একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রথম ধাপে আবেদন নেয়া হবে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত। ১২ আগস্ট আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে। ১৩ ও ১৪ আগস্ট শুধুমাত্র খাতা চ্যালেঞ্জে ফলাফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
প্রথম ধাপে আবেদনকারীদের ১৫ মে কলেজ পছন্দক্রম পরিবর্তনের সময় দেয়া হবে। এরপর ২০ আগস্ট রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ২২ আগস্ট প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়নের সুযোগ দেয়া হবে। যারা প্রথম ধাপে নির্বাচিত হয়েও নিশ্চায়ন করবেন না তাদের দ্বিতীয় ধাপে পুনরায় ফি দিয়ে আবেদন করতে হবে।
ইউডি/এবি

