কম্বোডিয়ার সঙ্গে সংঘাতে আন্তর্জাতিক মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান থাইল্যান্ডের
উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, আপডেট ১৯:০০
কম্বোডিয়ার সঙ্গে চলমান সংঘাত বন্ধে তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড। শুক্রবার (২৫ জুলাই) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নমপেনকে আগে আক্রমণ বন্ধ করতে এবং শুধুমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধান করতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, টানা দ্বিতীয় দিনের মতো থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সীমান্ত উত্তেজনা সম্মুখ বরাবর তীব্র আকার ধারণ করেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই থাই বেসামরিক নাগরিক।
আমেরিকা, চীন এবং মালয়েশিয়া দুই দেশের মধ্যে সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তবে থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকোরন্দেজ বালানকুরা রয়টার্সকে বলেন, তারা এই সংঘাতের দ্বিপাক্ষিক সমাধান চায়।
তিনি বলেন, ‘আমি মনে করি না আমাদের এখনো তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন আছে।’
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শুক্রবারও প্রাণঘাতী লড়াই অব্যাহত রয়েছে, যেখানে উভয় দেশ ভারী কামান এবং রকেট হামলা চালিয়েছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ-পূর্ব এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সামরিক সংঘর্ষ।
শুক্রবার থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই সাংবাদিকদের বলেন, সামরিক সংঘাত তীব্র হয়ে উঠেছে, যা যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। সংঘর্ষে এরইমধ্যে ভারী অস্ত্রের ব্যবহার শুরু হয়েছে বলেও জানান তিনি।
থাই সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘কৌশলগত পরিস্থিতি অনুযায়ী গুলি চালিয়ে থাই বাহিনী যথাযথ জবাব দিয়েছে।’
কম্বোডিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার ভোরের আগে থাইল্যান্ড থেকেও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে।
নমপেন পোস্টের তথ্যানুসারে, কম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলা মন্ত্রণালয় দাবি করেছে যে থাইল্যান্ডের হামলায় ইউনেস্কো-তালিকাভুক্ত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রিয়াহ ভিহিয়ার মন্দিরের ‘যথেষ্ট ক্ষতি’ হয়েছে।
সীমান্তের একটি বিতর্কিত এলাকায় সংঘর্ষ শুরু হওয়ার জন্য উভয় দেশ একে অপরকে দোষারোপ করেছে এবং এই সংঘাত দ্রুত ছোট অস্ত্রের গুলি থেকে ভারী গোলাবর্ষণে পরিণত হয়।
ইউডি/এআর

