৪-৫ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: মোস্তফা জামাল
উত্তরদক্ষিণ। শনিবার (২৬ জুলাই) ২০২৫, আপডেট ২১:৫০
আগামী চার-পাঁচ দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলে জানিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফরের) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার।
শনিবার (২৬ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি দল এবং একটি জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন তিনি।
যমুনার সামনে সংবাদ সম্মেলনে ১২ দলীয় জোটের সমন্বয়কারী ও জাতীয় পার্টির (কাজী জাফরের) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, “আমি আনন্দের সাথে ঘোষণা করতে চাই- প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময়সীমা, তারিখ উনি (মুহাম্মদ ইউনূস) ঘোষণা করবেন।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।
এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবার ধারাবাহিক আলোচনার তৃতীয় দিনে প্রধান উপদেষ্টার তরফ থেকে নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে বার্তা এল।
রাজধানী ঢাকার দিয়াবাড়িতে গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, যাতে শতাধিক হতাহতের ঘটনা ঘটে।
এ নিয়ে পরদিন ক্ষোভ-বিক্ষোভের পর রাতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরদিন এবি পার্টি, গণসংহতি আন্দোলনসহ ১২টি দল ও একটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান।
এরপর শনিবার ১৩টি দল ও একটি জোটের সঙ্গে যমুনায় ঘণ্টাব্যাপী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মোস্তফা জামাল হায়দার বলেন, “এর চাইতে আনন্দের বার্তা আর কিছু হতে পারে না। আজকের মূল বিষয় হচ্ছে এইটা। আজকে দেশব্যাপী যে সমস্যা, নৈরাজ্যের সমাধান করবে নির্বাচন। এর সমাধানের একমাত্র পথ নির্বাচন, এটা উনি (প্রধান উপদেষ্টা), ওনার বক্তব্যে সুস্পষ্ট করেছেন। উনি আশ্বাস দিয়েছেন আগামী চার-পাঁচ দিনের মধ্যে উনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।”
বৈঠক থেকে বের হয়ে এ প্রসঙ্গ টেনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, “প্রধান উপদেষ্টা আমাদেরকে জানান, আগামী অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদের সাথে নির্বাচন কবে হবে এবং প্রক্রিয়া কী হবে এ নিয়ে আনুষ্ঠানিক ব্রিফিং করে ওনার (প্রধান উপদেষ্টা) তরফ থেকে জাতির জন্য পরিষ্কার করে জানানো হবে।
ইউডি/এবি

