চাঁদপুরে বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০

চাঁদপুরে বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০

উত্তরদক্ষিণ। শনিবার (২৬ জুলাই) ২০২৫, আপডেট ২৩:৩০

চাঁদপুরের কচুয়া উপজেলায় বিএনপির এক পক্ষের ডাকা গণমিছিলে অপর পক্ষের হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার রহিমানগর বাজারে এই হামলার ঘটনা ঘটে বলে জানান কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম।

আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা বিএনপির নেতারা। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় রহিমানগর বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোশাররফ হোসেন সমর্থিত গণমিছিলে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্লাহ সেলিমসহ যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সমর্থিত নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি আহতদের। তবে অভিযোগের বিষয়ে মিলন সমর্থিত কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি।

ওসি আজিজুল ইসলাম বলেন, বিএনপি নেতা মোশাররফ হোসেন সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণের সময় ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেয়। এ সময় মিছিলকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে কয়েকজন আহত হন।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উল্ল্যাহ সেলিম।

তিনি বলেন, “তারেক রহমানকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে কোনো বিএনপির সমর্থক হামলা করতে পারে না। হামলাকারীরা ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপথগামী।”

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading