ডিএসসিসির সাইকেল র্যালি জুলাই গণঅভ্যুত্থান স্মরণে
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:৩৩
ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আয়োজনে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে এসে সাইকেল র্যালিটি শেষ হয়।
এ সময় ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম র্যালির উদ্বোধন করেন। সকাল সাড়ে ৭টায় রবীন্দ্র সরোবর থেকে শুরু হওয়া এ র্যালিতে ১৯০ জন সাইক্লিস্টস এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব-উল-আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্য তিনি সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।
ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, এই ঢাকাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করার জন্য পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার কোনও বিকল্প নেই। পরিচ্ছন্নতা ও মশক নিধন সিটি করপোরেশনের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে প্রশাসক এ বিষয়ে নাগরিকদের সম্পৃক্ততা ও সহযোগিতা কামনা করেন।
র্যালি উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান এবং ঢাকা ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইউডি/রেজা

