কবে থেকে পাল্টা শুল্ক কার্যকর হবে
উত্তরদক্ষিণ। শুক্রবার (০১ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:৫৫
বাংলাদেশি পণ্যের ওপর আমেরিকা নতুন ২০ শতাংশ পাল্টা শুল্ক আগামী ৮ আগস্ট সকাল ১০টা ১ মিনিট থেকে কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ অনুসারে, সইয়ের দিন বাদ দিয়ে সাত দিন পর থেকে এই শুল্কহার কার্যকর হচ্ছে বলে হোয়াইট হাউস নিশ্চিত করেছে।
পূর্বাঞ্চলীয় সময় (ইস্টার্ন টাইম) অনুযায়ী, শুল্ক কার্যকরের সময় নির্ধারিত হয়েছে রাত ১২টা ১ মিনিট। সেই হিসাবে বাংলাদেশ সময় হবে সকাল ১০টা ১ মিনিট। এই সময়ের পর আমেরিকা পৌঁছানো কিংবা গুদাম থেকে ছাড় করা পণ্যের ওপর ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
তবে শর্তসাপেক্ষে কিছু পণ্য নতুন শুল্কহার থেকে অব্যাহতি পাবে।
হোয়াইট হাউসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ আগস্ট রাত ১২টা ১ মিনিটের মধ্যে (ইটি সময়) যদি কোনও পণ্য জাহাজে লোড হয়ে ট্রানজিটে থাকে এবং ৫ অক্টোবর ২০২৫ এর মধ্যে আমেরিকার গুদাম থেকে ছাড় করা হয়, তাহলে সেই পণ্যের ওপর নতুন শুল্ক প্রযোজ্য হবে না।
এর আগে ৩১ জুলাই ওয়াশিংটনে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানায়, পূর্বঘোষিত ৩৫ শতাংশ পাল্টা শুল্কহার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের ২ এপ্রিল প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার বাণিজ্য ঘাটতির বিষয়টি উল্লেখ করে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের রফতানি পণ্যের ওপর সর্বোচ্চ ৩৭ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে ৯ এপ্রিল তিন মাসের জন্য সেই শুল্ক স্থগিত রাখা হয়, যাতে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায়।
এই সময়সীমা শেষ হয় ৯ জুলাই। তার আগের দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প জানান, শুল্ক হার ৩৭ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।
পরবর্তী সময়ে আমেরিকা সময় ৩১ জুলাইয়ের মধ্যে একটি আলোচনার চুক্তিতে পৌঁছানোর সুযোগ দেওয়া হয়। শেষ পর্যন্ত ৩৫ শতাংশের পরিবর্তে ২০ শতাংশ হার চূড়ান্ত করা হয় এবং তা ৮ আগস্ট থেকে কার্যকর হচ্ছে।
বাংলাদেশের রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আমেরিকা বাংলাদেশের তৈরি পোশাক রফতানির সবচেয়ে বড় বাজার। বছরে প্রায় ৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রফতানি হয় দেশটিতে। বিপরীতে, বাংলাদেশ আমেরিকা থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে।
ইউডি/এবি

