শর্ত ছাড়াই পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে বসতে চান ট্রাম্প
উত্তরদক্ষিণ। শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, আপডেট ০৮:৪০
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি বসতে প্রস্তুত, যদিও পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা না করলেও তিনি এ সাক্ষাৎকারে আগ্রহী।
ট্রাম্পের এ মন্তব্য তার আগের অবস্থানের থেকে অনেকটা ভিন্ন, যেখানে তিনি বলেছিলেন শীর্ষ বৈঠকের জন্য পুতিন ও জেলেনস্কির বৈঠক হওয়া অপরিহার্য শর্ত।
এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মস্কোকে শুক্রবার পর্যন্ত ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করতে বলেছেন ট্রাম্প, না হলে নতুন কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হবে রাশিয়া। তবে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প স্পষ্ট করে বলেননি এ সময়সীমা এখনও বলবৎ আছে কি না।
‘এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন (পুতিন),’ বলেন ট্রাম্প। ‘তার বক্তব্য আমরা দেখতে পাব।’
গত জানুয়ারি থেকে হোয়াইট হাউজে ফেরার পর থেকে ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনে তাদের সামরিক অভিযান শেষ করার জন্য চাপ দিচ্ছেন।
ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ট্রাম্প ‘আসন্ন দিনগুলোতে’ একটি শীর্ষ বৈঠকে বসবেন, তবে সেখানে জেলেনস্কির অন্তর্ভুক্তি নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাশিয়ার নেতা।
অন্যদিকে, জেলেনস্কি শুক্রবার জোর দিয়েছেন যে, কোনো আলোচনায় তার অন্তর্ভুক্তি অবশ্যক।
এদিকে ট্রাম্পকে যখন জিজ্ঞেস করা হয়, পুতিন কি শীর্ষ বৈঠকের আগে জেলেনস্কির সঙ্গে দেখা করবে কি না, তিনি শুধু উত্তর দেন, ‘না, করার প্রয়োজন নেই।’
পুতিন সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য বৈঠকস্থল হিসেবে উল্লেখ করেছেন, তবে ওয়াশিংটন তা নিশ্চিত করেনি।
ইউডি/কেএস

