৫০ শতাংশ শুল্কের বিরোধিতায় ইন্ডিয়ায় মার্কিন পণ্য বয়কটের ডাক
উত্তরদক্ষিণ। সোমবার (১১ আগস্ট) ২০২৫, আপডেট ২৩:৫৫
ইন্ডিয়ার ওপর চড়া মার্কিন শুল্কের প্রতিবাদে দেশটিতে জোরালো হচ্ছে মার্কিন পণ্য বয়কটের প্রচারণা। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক ও দেশটির ব্যবসায়ী শ্রেণির আহ্বানে সেখানে বৃদ্ধি পাচ্ছে মার্কিনবিরোধী মনোভাব, যার প্রভাবে ঝুঁকিতে রয়েছে ম্যাকডোনাল্ড, কোকাকোলা, অ্যামাজন, অ্যাপলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানগুলো।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক জারির প্রতিক্রিয়ায় কিছুটা দিশেহারা হয়ে পড়েছেন ভারতীয় রফতানিকারকরা। দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে শীতলতা সৃষ্টি হওয়া ছাড়া এখন পর্যন্ত বিক্রিতে মারাত্মক ধসের আলামত দেখা না গেলেও মার্কিন পণ্য বয়কট এবং দেশি পণ্য ব্যবহার নিয়ে অনলাইন-অফলাইনে চলছে ব্যাপক প্রচারণা।
বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ভোক্তা শ্রেণির একটি বড় অংশ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পণ্য ব্যবহারে আগ্রহী, কেননা তারা এটিকে জীবনে উন্নতির প্রতীক হিসেবে বিবেচনা করে। এই সুযোগে সেখানে বাজার সম্প্রসারণে আটঘাট বেঁধেই মাঠে নেমেছিল মার্কিন ব্র্যান্ডগুলো।
যেমন, ইন্ডিয়ায় রয়েছে হোয়াটসঅ্যাপের সবচেয়ে বেশি ব্যবহারকারী। অন্য যেকোনও ব্র্যান্ডের চেয়ে সেখানে ডোমিনোসের সবচেয়ে বেশি শাখা চালু হয়েছে। বিভিন্ন দোকানে কোকাকোলা ও পেপসির মতো পানীয়ের চাহিদা সবচেয়ে বেশি। আর অ্যাপলের নতুন আউটলেট চালু হলে বা স্টারবাকস কোনও ডিসকাউন্ট দিলে মানুষ সেখানে হুমড়ি খেয়ে পড়ে।
ইন্ডিয়ায় রূপচর্চার ব্র্যান্ড ওয়াও স্কিন সায়েন্সের সহ-প্রতিষ্ঠাতা মনীশ চৌধুরি লিংকড ইনে এক ভিডিও বার্তায় বলেন, দেশি কৃষক ও উদ্যোক্তাদের পর্যাপ্ত সমর্থন দেওয়া উচিত, যেন বিশ্ববাসীর কাছে ভারতীয় পণ্য ব্যবহারের চল শুরু হয়। উদাহরণ হিসেবে তিনি দক্ষিণ কোরিয়াকে টেনে বলেন, তাদের খাদ্য ও রূপচর্চা পণ্য বিশ্বব্যাপী সমাদৃত।
উবারের মতো সেবা প্রদানকারী ইন্ডিয়ান প্রতিষ্ঠান ড্রাইভ ইউ’র প্রধান নির্বাহী রাম শাস্ত্রী বলেছেন, ইন্ডিয়ার উচিত চীনের মতো নিজেদের টুইটার, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সেবা গড়ে তোলা।
উল্লেখ্য, স্থানীয় বাজারে দেশি ব্র্যান্ডগুলো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে টক্কর দিতে পারলেও ইন্ডিয়ান পণ্য এখনও বৈশ্বিক চাহিদার শীর্ষে উঠতে পারেনি।
এ বিষয়ে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, অ্যামাজন ও অ্যাপলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানতে পারেনি রয়টার্স।
ইউডি/এবি

