পেঁয়াজের সেঞ্চুরি ছুঁইছুঁই, ডিমের ডজন ১৫০

পেঁয়াজের সেঞ্চুরি ছুঁইছুঁই, ডিমের ডজন ১৫০

উত্তরদক্ষিণ। শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, আপডেট ১০:০০

গত কয়েক দিন ধরে সব ধরনের সবজি, ডিম ও পেঁয়াজের দাম লাগামহীনভাবে বাড়ছে, যার প্রভাব আজও বাজারে দেখা গেছে। অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে ডিম ও পেঁয়াজ কিনতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম এখন ১৪৫ টাকা এবং কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়।

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডির বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায়, ফার্মের মুরগির এক ডজন ডিমের (লাল) দাম ১৪৫ টাকা। যা গত সপ্তাহের চেয়ে ২০ টাকা বেশি। তবে ডিমের ডজন পাড়া-মহল্লায় বিক্রি হচ্ছে ১৫০ টাকা পর্যন্ত। অন্যদিকে, ফার্মের মুরগির ডিম (সাদা) ডজনপ্রতি ১০ টাকা কমে পাওয়া যাচ্ছে।

একই বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৮০ থেকে ৮৫ টাকায় উঠেছে। যা গত সপ্তাহের চেয়ে ২০ থেকে ২৫ টাকা বেশি। এক কেজি পেঁয়াজ পাড়া-মহল্লায় বিক্রি হচ্ছে ৯৫ টাকা পর্যন্ত। বাজারভেদে দামের ভিন্নতাও রয়েছে।

অন্যদিকে রায়ের বাজার ঘুরে দেখা গেছে, ফার্মের মুরগির ডিমের (লাল) দাম ডজনপ্রতি ১৫০ টাকা। আর সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা ডজন। খুচরা দোকানগুলোতে ১৩ টাকা পিছ বিক্রি হচ্ছে। তবে এই বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৮৫ টাকা।

গত কয়েকদিন ধরেই ডিমের বাজার চড়া জানিয়ে ডিম ব্যবসায়ী মনসুর আহমেদ বলেন, গত সপ্তাহের তুলনায় ডিমের দাম একটু বেশি। গত সপ্তাহে একশত ডিম ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হলেও বর্তমানে ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে ৫০ থেকে ১০০ টাকা দাম বেড়ে গেছে।

তিনি আরও বলেন, ডিম উৎপাদনের ব্যয় বেড়েছে। এ ছাড়া, এখন ডিমের সরবরাহ কিছুটা কম।

পেঁয়াজ ব্যবসায়ী হোসেন মিয়া বলেন, সারা বছর পেঁয়াজের দাম কম গেছে। এখন মৌসুমও না। গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দামটা একটু বেড়েছে। সামনে আরও কমে আসবে। সরবরাহ কম হওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading