সাড়ে ৫ কোটি ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখছে আমেরিকা

সাড়ে ৫ কোটি ভিসাধারীর রেকর্ড খতিয়ে দেখছে আমেরিকা

উত্তরদক্ষিণ। শনিবার , ২৩ আগস্ট, ২০২৫, আপডেট ১৮:৪০

আমেরিকার বৈধ ভিসাধারী প্রায় সাড়ে পাঁচ কোটি বিদেশির তথ্য নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসার শর্ত লঙ্ঘন করার প্রমাণ পাওয়া গেলে তাদের আমেরিকা থেকে বহিষ্কার করা হতে পারে।

গত ২১ আগস্ট বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) একটি প্রশ্নের লিখিত জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সব ভিসাধারীই সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকেন। যদি দেখা যায় যে কেউ ভিসার নিয়ম ভেঙেছে কিংবা ভিসার যোগ্য নন, তাহলে তার ভিসা বাতিল করা হবে। আর তিনি যদি আমেরিকা থাকেন, তবে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে।

গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ অভিবাসন দমনে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু অবৈধ নয়, অনেক ক্ষেত্রে বৈধভাবে থাকা অভিবাসীরাও মার্কিন প্রশাসনের হয়রানির শিকার হচ্ছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও আমেরিকায় অবস্থান, অপরাধমূলক কর্মকাণ্ড, জননিরাপত্তার জন্য হুমকি, সন্ত্রাসী কার্যকলাপ বা সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার মতো বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

তারা আরও বলেছে, তারা আইনপ্রয়োগকারী বাহিনীর রেকর্ড, অভিবাসন নথিপত্র এবং অন্য যেকোনো তথ্যও বিবেচনায় নিয়ে থাকে। এমনকি ভিসা দেওয়ার পর নতুন কোনো তথ্য সামনে এলে সেগুলোও খতিয়ে দেখা হয়।

ট্রাকচালকদের আর ভিসা দেবে না আমেরিকা- বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দেন, আপাতত বিদেশি ট্রাকচালকদের জন্য কোনো কর্মভিসা দেওয়া হবে না।

তিনি বলেন, বিদেশি চালকেরা মার্কিন নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছেন এবং স্থানীয় চালকদের কাজ নষ্ট করছেন।

এর আগে, ট্রাকচালকদের জন্য ইংরেজি ভাষায় কথা বলা ও পড়তে পারার শর্ত কঠোরভাবে কার্যকর করার পদক্ষেপ নিয়েছিল ট্রাম্প প্রশাসন। ইংরেজি পড়তে বা বলতে না পারার কারণে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে জানায় ওয়াশিংটন।

রুবিওর ওই ঘোষণার পরই মূলত সব ভিসাধারীর তথ্য খতিয়ে দেখার বিষয়টি সামনে আসে।

সব ভিসাধারীর ওপর নজরদারি- আমেরিকার ভিসা আবেদনকারীদের ওপর অব্যাহতভাবে নতুন নতুন বিধিনিষেধ ও শর্ত আরোপ করে চলেছে ট্রাম্প প্রশাসন। এমনকি এসব নিয়মের মধ্যে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার বাধ্যবাধকতাও রয়েছে।

এই নজরদারি মূলত প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীদের লক্ষ্য করে চালু করা হয়েছিল। পরে সেটিকে আরও সম্প্রসারণ করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপের আওতায় ভিসাধারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট, নিজ দেশে আইন প্রয়োগকারী সংস্থা ও অভিবাসন-সংক্রান্ত রেকর্ড এবং আমেরিকা অবস্থানকালে মার্কিন আইন ভঙ্গের যেকোনো তথ্য অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া অতীত, বর্তমান ও ভবিষ্যতের সব ভিসা আবেদনকারীর সামাজিক যোগাযোগমাধ্যমের পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হবে। পাশাপাশি ভিসা সাক্ষাৎকারে উপস্থিত হওয়ার সময় আবেদনকারীদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বা অ্যাপের গোপনীয়তা (প্রাইভেসি) সেটিংস বন্ধ রাখতে হবে।

ট্রাম্পের একের পর এক কঠোর পদক্ষেপের কারণে আমেরিকার ভিসা দিন দিন ‘সোনার হরিণ’ হয়ে উঠছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, ট্রাম্প হোয়াইট হাউজে ফেরার পর থেকে ছয় হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। ওই ছয় হাজার ভিসার মধ্যে প্রায় চার হাজার ভিসা বাতিল হয়েছে সরাসরি আইন ভঙ্গের কারণে। এ ছাড়া সন্ত্রাসবাদে সংশ্লিষ্ট থাকার কারণে বাতিল হয়েছে আরও ২০০ থেকে ৩০০ ভিসা।

সূত্র: এপি, ইউএনবি

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading