জনগণের প্রত্যাশা না বুঝলে রাজনীতিতে জায়গা থাকবে না: আমির খসরু

জনগণের প্রত্যাশা না বুঝলে রাজনীতিতে জায়গা থাকবে না: আমির খসরু

উত্তরদক্ষিণ। শনিবার (২৩ আগস্ট) ২০২৫, আপডেট ২০:৪৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের কোনও জায়গা থাকবে না। নতুন বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অন্য জায়গায় চলে গেছে। যেসব দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না তাদের বাংলাদেশে কোনও ভবিষ্যৎ নাই।’

শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টাস ইউনিটির ক্র্যাব মিলনায়তনে জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্র আয়োজিত ‘ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা: জনগণের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা রেজিমের আমলে গণমাধ্যম বন্ধসহ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটারই কথা। আমি কিন্তু মোটেও আশ্চর্য হইনি। ঘটনাগুলো ঘটেছিল কারণ, জনগণকে বাহিরে রেখে ক্ষমতা দখল করলে এ ধরনের ঘটনাগুলো না ঘটলে হাসিনা রেজিম ক্ষমতায় থাকতে পারতো না। এবং সম্ভবই ছিল না। ফলে এ ঘটনাগুলো তারা টিকে থাকার জন্য স্বাভাবিক ছিল। স্বৈরাচার টিকে থাকতে হলে এই কাজগুলোকে করেই টিকে থাকতে হয়। গণমাধ্যমের অধিকার কেড়ে নিয়েই তাদের টিকে থাকতে হয়।’

তিনি বলেন, ‘বিগত শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকতা শুধু নয়, যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিল তারা ঠিকভাবে ব্যবসা করতে পারেনি। ব্যবসা ছিল লুটপাটের ব্যবসা। এইজন্য সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায়ও তাই হয়েছে।’

আমাদের অর্থনীতিকে গণতন্ত্রয়ন করতে হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘রাজনীতিকে শুধু গণতন্ত্র করলে চলবে না, অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে। মিডিয়াকেও গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র শুধু ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না। প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে না। অর্থনীতিকে যদি গণতন্ত্র করতে না পারেন, সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশগ্রহণ করতে না পারে, আপনার রাজনীতির সফল হবে না। সাংবাদিকরা যদি মুক্তভাবে তাদের কাজ করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিফলিত হবে না।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম। প্রবন্ধে তিনি বলেন, ‘গণমাধ্যম ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথ চিরতরে রুদ্ধ করতে আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। এই আইনের অধিনে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪৩৬টি মামলা হয় এবং কমপক্ষে ৪ হাজার ৫২০ জনকে আসামি করা হয়। এছাড়া এ আইনে ওই ৫ বছরে কমপক্ষে ৪৫১ জন সাংবাদিকের বিরুদ্ধ মামলা হয়। অভিযুক্ত ৪৫১ জনের মধ্যে ২০৯ জন সাংবাদিক জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত এবং ১৯৭ জন স্থানীয় সাংবাদিক। অন্তত ৯৭ জন সাংবাদিককে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃতদের মধ্যে ৫০ জন স্থানীয় সাংবাদিক।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালির নোমানীর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্র এর প্রধান নির্বাহী মোহাম্মদ কাসেম। আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলামসহ অনেকে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading