আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ইন্ডিয়া

আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ইন্ডিয়া

উত্তরদক্ষিণ। রবিবার , ২৪ আগস্ট, ২০২৫, আপডেট ১২:২৫

রুশ তেল ক্রয় এবং বাণিজ্য শুল্ক নিয়ে টানাপোড়েন চলার মধ্যেই আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ইন্ডিয়া। আগামী ২৫ আগস্ট থেকে বন্ধ থাকবে আমেরিকা ও ইন্ডিয়ার মধ্যে ডাক পরিষেবা।

ইন্ডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়সূত্রে অবশ্য জানা গেছে যে এই স্থগিতাদেশ সাময়িক। আমেরিকার সঙ্গে আলোচনা সাপেক্ষে শিগগিরই এ পরিষেবা ফের চালু করতে চায় নয়াদিল্লি।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার আগ পর্যন্ত আমেরিকার বাজারে ইন্ডিয়ার পণ্যের ওপর নির্ধারিত শুল্ক ছিল ১৫ শতাংশ এবং ৮০০ ডলার পর্যন্ত মূল্যমানের পণ্যের ক্ষেত্রে শুল্ক ছাড় ছিল। পাশাপাশি ডাকযোগে পণ্য পাঠানোর ক্ষেত্রেও বড় আকারের ছাড় ছিল।

চলতি বছর জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর মার্চে ইন্ডিয়ার ওপর নির্ধারিত শুল্ক ১০ শতাংশ বাড়িয়ে ২৫ শতাংশ করেন ট্রাম্প, তবে তখন পর্যন্ত ডাকযোগে আমেরিকার পাঠানো পণ্যের ওপর ছাড় বাতিল করেননি তিনি।

এর পর রাশিয়া থেকে তেল ক্রয় এবং গত মে মাসে পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের অবদান স্বীকার না করায় জুলাই থেকে টানাপোড়েন শুরু হয় আমেরিকার ও ইন্ডিয়ার মধ্যে। সেই টানাপোড়েনের জেরেই গত ৬ আগস্ট ইন্ডিয়ার আরও ২৫ শতাংশ শুল্ক চাপান ট্রাম্প। এর ফলে ইন্ডিয়ার ওপর আমেরিকার নির্ধারিত শুল্ক বেড়ে পৌঁছায় ৫০ শতাংশ। ডাক পরিষেবার ক্ষেত্রেও ছাড় অনেকাংশে কমানো হয়।

সেই সঙ্গে বলা হয়, আমেরিকার কাস্টমস কর্তৃপক্ষের নথিতে যেসব ইন্ডিয়ার ডাক-বিমান পরিষেবা প্রতিষ্ঠানের নাম উল্লেখ রয়েছে, কেবল তাদের মালবাহী উড়োজাহাজ নিয়ে আমেরিকা প্রবেশ করতে পারবে।

এর ফলে ইন্ডিয়ার কয়েকটি ডাক-বিমান পরিষেবা সংস্থা সমস্যায় পড়ে এবং ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকারকে তারা জানিয়েছে, এটির মীমাংসা না হলে তারা আমেরিকার অপারেশন পরিচালনা করতে পারবে না।

ইন্ডিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, “গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা খুবই দুঃখিত। সম্প্রতি যেসব জটিলতা দেখা দিয়েছে, সেগুলো সমাধানের জন্য ইন্ডিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে শিগগিরই এসব জটিলতার মীমাংসা হবে।”

সূত্র : এনডিটিভি

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading