বরিশালে বাবার নির্দেশে ভাইয়ের চোখ উৎপাটনের অভিযোগ

বরিশালে বাবার নির্দেশে ভাইয়ের চোখ উৎপাটনের অভিযোগ

উত্তরদক্ষিণ। রবিবার , ২৪ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:১৫

গচ্ছিত টাকা নিয়ে দ্বন্দ্বে বরিশালের মুলাদী উপজেলায় বাবার নির্দেশে দুই ভাইয়ের বিরুদ্ধে আরেক ভাইয়ের দুই চোখ উৎপাটন করার অভিযোগ পাওয়া গেছে।

চোখ হারানো সন্তানসহ তিন ছেলেকে নিয়ে ওই বাবা বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুলাদী থানার এসআই মো. মাসুদ।

চোখ হারানো সিরাজুল ইসলাম ওরফে রিপন বেপারী (৫০) ওই গ্রামের আরশেদ বেপারীর সেজ ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠা অপর দুজন হলেন- আরশেদ বেপারীর মেজ ছেলে রোকন বেপারী ও ছোট ছেলে স্বপন বেপারী।

সাহেবেরচর গ্রামের বাসিন্দা এনামুল হক বলেন, রিপন পরিবার নিয়ে ঢাকায় থাকতেন। তিনি বিভিন্ন সময়ে চুরি, ছিনতাই ও প্রতারণা করে টাকা ও স্বর্ণালংকার সংগ্রহ করতেন। অবৈধপথে আয় করা সেসব টাকা ও স্বর্ণালংকার মেজ ভাই রোকন বেপারীর কাছে গচ্ছিত রাখতেন বলে দাবি রিপনের।

“প্রায় তিন মাস আগে রিপন তার ভাইয়ের কাছে গচ্ছিত টাকা ও স্বর্ণ ফেরত চায়। রোকন ফেরত দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ নিয়ে একাধিকবার এলাকায় সালিস বৈঠক করা হয়েছে।”

রিপনের বড় ভাই খোকন বেপারী বলেন, “শুক্রবার বিকালে রিপন ঢাকা থেকে বাড়িতে আসে। সে মেজ ভাই রোকনের কাছে টাকা চায়। কিন্তু রোকন টাকা দিতে অস্বীকার করলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

“রাত ১১টার দিকে রিপন বাড়ি ফিরলে আবার তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বাবা আরশেদ বেপারী ক্ষিপ্ত হয়ে রিপনকে মারধর করে চোখ উৎপাটনের নির্দেশ দেন।”

বাবার নির্দেশ পেয়েই রোকন ও স্বপন মিলে রিপনকে মারধর করে এবং দুই চোখ সমূলে উৎপাটন করে বাবার হাতে তুলে দেয় বলে অভিযোগ করেন খোকন।

তবে অভিযোগ অস্বীকার করে আরশেদ বেপারীর বলেন, “রাতের ঝগড়ার সময় প্রতিবেশীরা এসেছিল, কারা কী করছে আমি দেখিনি।“

ঘটনার পর স্থানীয় লোকজন আহত রিপনকে উদ্ধার করে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এনে ভর্তি করা হয়েছে।

রিপনের ছেলে আব্দুর রহমান বলেন, “চাচা রোকন ব্যাপারীর কাছে গচ্ছিত রাখা ৩৫ লাখ টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার ফেরত চাওয়ায় বাবাকে মারধর করে চোখ উৎপাটন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।”

এসআই মাসুদ বলেন, রিপন বেপারী ঢাকায় থাকেন, তার বিরুদ্ধে ঢাকার রমনা থানায় চুরি ও ছিনতাইয়ের ৮টি মামলা রয়েছে। এছাড়া মুলাদী থানায় হত্যা মামলাসহ তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা রয়েছে।

আহতের স্বজনদের বরাতে মাসুদ বলেন, রিপন নাকি পেট্রোল নিয়ে বাড়িতে আগুন দিতে চায়, তখন নাকি তার চোখ তুলে ফেলা হয়েছে। তবে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি।

পরে ভুক্তভোগীরা জানিয়েছে সুস্থ হওয়ার পর তারা আইনগত ব্যবস্থার পক্রিয়া শুরু করবেন, বলেন এই পুলিশ কর্মকর্তা।

ইউডি/রেজা

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading