একই দিনে জাতিসংঘে ভাষণ দিতে পারেন ইউনূস-মোদি-শেহবাজ
উত্তরদক্ষিণ। সোমবার , ২৫ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:০২
চলতি বছরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একই দিন ভাষণ দিতে পারেন।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন আনুষ্ঠানিকভাবে ৯ সেপ্টেম্বর শুরু হবে। তবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্ক চলবে।
জাতিসংঘের কর্মকর্তাদের দেয়া একটি প্রাথমিক সূচী অনুযায়ী, আগামী ২৬ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে ভারতের। একই দিন পাকিস্তান ও বাংলাদেশ প্রতিনিধি দলের নেতারও বক্তব্য দেয়া কথা রয়েছে।
সোমবার (২৫ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধিদলে দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারিক ফাতেমি থাকার কথা রয়েছে।
এবারের জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রথমে ব্রাজিলের প্রতিনিধি বক্তব্য দেবেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে তার প্রথম ভাষণ দেবেন।
এই বছরের জাতিসংঘ অধিবেশনের প্রতিপাদ্য হলো: ‘একসাথে ভালো: শান্তি, উন্নয়ন এবং মানবাধিকারের পথে ৮০ বছর এবং আরও বেশি সময়।’
প্রাথমিক তালিকা অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর সকালে ভারতের প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। একই দিন পাকিস্তান, ইসরাইল, চীন এবং বাংলাদেশের প্রধানরা বক্তব্য দেবেন। নয়াদিল্লির কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, এবারের সাধারণ অধিবেশনের বিতর্কে নরেন্দ্র মোদি অংশ নেবেন।
পর্যবেক্ষকরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রীর পর পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য দুই দেশের দৃষ্টিভঙ্গির ব্যবধানকে আরও স্পষ্ট করে তুলবে। ভারত সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ওপর জোর দেবে। আর পাকিস্তান সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে কাশ্মীর এবং আঞ্চলিক শান্তিকে মূল বিষয় হিসেবে জোর দেবে।
৮০তম জাতিসংঘ সাধারণ অধিবেশন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ততম কূটনৈতিক মৌসুম হয়ে উঠবে। বিশেষ করে গাজায় ইসরাইলের যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে।
প্রাথমিক সূচী অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর জলবায়ু সংক্রান্ত একটি বিশেষ অধিবেশন, ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র পুরোপুরি বিলুপ্তি দিবস উপলক্ষে একটি উচ্চ-পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।
সূত্র: দ্য ডন
ইউডি/কেএস

