জুলাইয়ে ছড়ানো ভুয়া তথ্যের ৭৪ শতাংশই রাজনৈতিক

জুলাইয়ে ছড়ানো ভুয়া তথ্যের ৭৪ শতাংশই রাজনৈতিক

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, আপডেট ১৩:৪০

চলতি বছরের জুলাই মাসে দেশে শনাক্ত হয়েছে ২৯৬টি ভুয়া তথ্য। এর মধ্যে ২২০টি বা মোট ৭৪ শতাংশই ছিল রাজনীতি-সংশ্লিষ্ট। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে আরও ২৮টি অনলাইন হোক্স, ২১টি বিনোদন-সংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য, ১৩টি ধর্মীয় বিষয়ক, ছয়টি অর্থনীতি বিষয়ক, পাঁচটি কূটনৈতিক এবং তিনটি পরিবেশ-সংক্রান্ত ভুয়া তথ্য শনাক্ত হয়।

জুন মাসে ভুয়া তথ্যের সংখ্যা ছিল ৩২৪টি। সেই হিসেবে জুলাইয়ে কিছুটা কমলেও সামগ্রিক প্রবণতা প্রায় একই রয়েছে। দুই মাসেই ভুয়া তথ্যের বড় অংশই ছিল রাজনৈতিক। জুনে ৭৮ শতাংশ (২৫৩টি) এবং জুলাইয়ে ৭৪ শতাংশ (২২০টি)।

ভুয়া তথ্যের ভুক্তভোগী হিসেবে সবচেয়ে বেশি টার্গেট হয়েছেন দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব (৬৬টি) এবং রাজনৈতিক দল (৬৫টি)।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (৪১টি), সেলিব্রিটি (২৩টি), সরকারি প্রতিষ্ঠান (১৩টি), ধর্ম (১২টি), অন্তর্বর্তীকালীন সরকার (১০টি), বেসরকারি প্রতিষ্ঠান (৩টি) ও ধর্মীয় ব্যক্তিত্বকে (দুটি) ঘিরেও ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। আর ৬১টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে অনির্দিষ্টভাবে, যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে নয় বরং জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে।

প্রতিবেদনে দেখা যায়, ভুয়া তথ্য ছড়ানোর প্রধান মাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যম। শনাক্ত হওয়া ২৯৬টির মধ্যে ২৮৯টি ছড়িয়েছে ফেসবুক, ইউটিউব, টিকটক, থ্রেডস ও এক্স (টুইটার)-এ। বাকি সাতটি এসেছে অনলাইন নিউজ পোর্টাল থেকে।

২০২৪ সালের নভেম্বর থেকে দেশে ভুয়া তথ্য পর্যবেক্ষণ করছে সিজিএস। প্রতিদিনের ট্র্যাকিংয়ের পাশাপাশি তারা মাসিক প্রতিবেদন প্রকাশ করছে। সব প্রতিবেদন পাওয়া যাচ্ছে দেশের একমাত্র ভুয়া তথ্য ট্র্যাকিং ওয়েবসাইট http://www.factcheckinghub.com-এ।

সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে রাজনৈতিক বিষয়ে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বহুগুণে বেড়েছে। এটি ভবিষ্যতের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সিজিএস আগে থেকেই ভুয়া তথ্য প্রতিরোধে কাজ করে আসছে এবং সামনের দিনগুলোতেও কাজ করবে। তবে এ বিষয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোকেও ঐক্যবদ্ধ ও আলাদাভাবে কাজ করতে হবে,’ বলেন সিজিএস প্রেসিডেন্ট।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading