বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই: রাশেদ প্রধান

বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই: রাশেদ প্রধান

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, আপডেট ১৪:০৫

নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপকে গতানুগতিক ও অস্বচ্ছ উল্লেখ করে অবিলম্বে বিচার, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির কবরে জাগপা’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে তিনি এ দাবি জানান।

রাশেদ প্রধান বলেন, গতানুগতিক এবং অস্বচ্ছ নির্বাচনী রোডম্যাপ দেখে মনে হয়- অন্তর্বর্তী সরকার যে কোনো উপায়ে নির্বাচন দিয়ে নিস্তার পেতে চায়। ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। জুলাই সনদ প্রস্তুত হয় নাই, তার আইনি ভিত্তি এবং বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। অথচ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হয়েছে; যেখানে জুলাই সনদের আলোকে নির্বাচন সবার কাম্য ছিল। হাজারো শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করে শুধু নির্বাচনী রোডম্যাপ দিলে হবে না। বিচার, সংস্কার, জুলাই সনদ বাস্তবায়নের রোডম্যাপ চাই।

তিনি বলেন, দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের মুক্তিযুদ্ধে যেমন উদ্বুদ্ধ করেছিল, একইভাবে জুলাই গণঅভ্যুত্থানেও উদ্বুদ্ধ করেছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম, প্রতিবাদ- প্রতিরোধে নজরুলের বিকল্প নেই। জাতীয় কবির লেখনী থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে। কারণ, সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসী আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চলমান। নজরুলের ভাষায়- আমাদের শপথ নিতে হবে, সেই দিন হব শান্ত, যবে উত্‍পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না।

পুষ্পস্তবক অর্পণ ও দোয়ায় আরও অংশগ্রহণ করেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, মো. হাসমত উল্লাহ, ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ন আহ্বায়ক আলী ফকির, শ্রমিক জাগপার সভাপতি আসাদুজ্জামান বাবুল, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, সহ সভাপতি শাহাবুদ্দিন সাবু, আলামিন ডালিম প্রমুখ।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading