রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২

রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতি, আটক ২

উত্তরদক্ষিণ। শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, আপডেট ১২:০০

বাগেরহাটের রামপালে পুলিশের পোশাক পরে ডাকাতির অভিযোগে দুই জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ আগস্ট) সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে মোল্লাহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- ডাকাত দলের প্রধান নরসিংদীর মাধবদি উপজেলার তারা মিয়ার ছেলে মো. রিয়াজ (৩০) এবং গাজীপুর সদর উপজেলার সাইদুল হোসেনের ছেলে আল আমিন (৪০)।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গৌরম্ভা ইউনিয়নের চিত্রা গ্রামের আসাদের বাড়িতে পুলিশের পোশাক পরে একটি সংঘবদ্ধ দল ডাকাতি চালায়। এসময় তারা নগদ পাঁচ লাখ টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কলের ভিত্তিতে ঘটনাস্থলে যায় পুলিশ।

তিনি বলেন, “প্রযুক্তির সহায়তায় শুক্রবার ডাকাত দলের প্রধান রিয়াজ ও তার সহযোগী আল আমিনকে আটক করা হয়েছে। এসময় আরও ৫-৬ জন সহযোগী পালিয়ে যায়। তাদের আটকেও অভিযান চলছে।”

ওসি আতিকুর রহমান আরো জানান, আটক দুইজনের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি মোবাইল জ্যামার, দুইটি ককটেল, চার সেট পুলিশের পোশাক, লুট হওয়া পাঁচ লাখ ১৬ হাজার টাকা, গ্রিল ও গ্যাস কাটার এবং তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার আটকদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading