মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড

উত্তরদক্ষিণ। সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:০৫

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মেয়েকে ধর্ষণের দায়ে মো. রুবেল নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মশিয়ার রহমান এই রায় দেন।

দণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আসামিকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়া নির্দেশও দেন আদালত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগে বলা হয়, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ভাড়া বাসায় থাকতো ভুক্তভোগী ও আসামি। ২০১৮ সালের ১৮ অক্টোবর রাতে তারা ঘুমাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে রুবেল ভুক্তভোগীকে ঘুম থেকে তুলে ধর্ষণ করে। ঘটনার প্রায় দুই বছর আগে থেকেই বিভিন্ন সময় রুবেল বিভিন্ন কাজের কথা বলে ভুক্তভোগীকে নিজের রুমে ডাকতো এবং বিভিন্ন সময় তাকে ধর্ষণ করতো। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়। একই বছরের ২১ অক্টোবর ভুক্তভোগীর নানি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। ২০১৯ সালে ৩১ জানুয়ারি মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এস এম মেহেদী হাসান। মামলার বিচারকালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading