এমন বর্বরতা সহ্য করা হবে না: রাজবাড়ীর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া
উত্তরদক্ষিণ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ২০২৫, আপডেট, ২৩:৩০
রাজবাড়ীতে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’ নামে একজন ভিন্ন মতাবলম্বীর কবর ও দরগায় দফায় দফায় হামলা, লাশ তুলে অগ্নি সংযোগের ঘটনায় কঠোর নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
শুক্রবার (৫ স্বপ্ট্বম্বর) জুমার নামাজের পর ওই হামলা-সংঘাতের পর রাতে এক বিবৃতিতে সরকারের তরফ থেকে বলা হয়, “এই অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আমাদের আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত।”
নিজেকে ইমাম মাহাদি দাবি করা নুরুল হক সম্প্রতি মারা যাওয়ার পর মাটি থেকে কিছুটা উপরে কবর তৈরি করে তাকে দাফন করা হয়। কবরটির কাবা শরিফের আদল দেওয়া হয়। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল। স্থানীয় প্রশাসন দুপক্ষকে সঙ্গে নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছিলেন।
তার মধ্যেই শুক্রবার জুমার নামাজের পর ‘তৌহিদি জনতা’ ব্যানারে জড়ো হওয়া কয়েকশ লোক রাজবাড়ীর শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা নুরুল হকের বাড়ি ও দরবারের ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দরবার শরিফ ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
পুলিশ আগে থেকেই সেখানে থাকলেও বিপুল মানুষের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সক্ষম হয়নি। পরে সেনাবাহিনী ও র্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউডি/এবি

