ফরিদপুরের ভাঙ্গায় ফের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১১:৪৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের এলাকা ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে ভাঙ্গার হামেরদী ইউনিয়নের পুখুরিয়া-মাধবপুর, মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগীর সুয়াদী এই তিনিটি পয়েন্টে সড়ক অবরোধ করা হয়েছে।
অবরোধের কারণে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের শত শত যানবাহন ও যাত্রীরা আটকা পড়েছে। এতে সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভাঙ্গা থেকে ফরিদপুর জেলা সদরের সঙ্গেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর শুক্রবার ফরিদপুর ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর অবরোধ করে ওই এলাকাবাসী সকাল থেকে দুপুর পর্যন্ত ও দুপুরের পরে বিকেল পর্যন্ত দুই দফা অবরোধ করে প্রশাসনের আশ্বাসের তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেওয়া হয়।
গত ৪ সেপ্টেম্বর বৃহস্পাতিবার নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুরের দুটি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করা হয়। এরমধ্যে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাশন) ভাঙ্গা থেকে আলগী ও হামিরদী ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন রাতেই কয়েকটি রাজনৈতিকদল ও স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ঘোষনা দেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, সকাল সোয় ৮টা থেকে আজ আবার সড়ক অবরোধ করা হয়েছে। এতে শত শত গাড়ি আটকা পড়েছে। আমরা অবরোধকারীদের বোঝানো চেষ্টা করছি।
ইউডি/রেজা

