ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে লংমার্চের আল্টিমেটাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে লংমার্চের আল্টিমেটাম

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:২৫

এক সপ্তাহের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের আল্টিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান ও ইডেন কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার।

লিখিত বক্তব্যে তারা বলেন, আগামী ২৪ সেপ্টেরের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অধ্যাদেশ জারি ও উপদেষ্টা পরিষদে ও অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদনের দাবি জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না হলে শিক্ষার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ করবে।

প্রস্তাবিত ইউনিভার্সিটি নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তারা বলেন, এখন আবার নতুন করে ইউনিভার্সিটির কার্যক্রমের বিপক্ষে একটি পক্ষ ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উসকে দিচ্ছে। ঐতিহ্য রক্ষার নামে তারা শেষ মুহূর্তে এসেও সরকারের কাজে বাধা সৃষ্টি করতে কিছু শিক্ষার্থীকে ব্যবহার করছে।

কিছু শিক্ষক সংগঠিত হয়ে আন্দোলনে নেমেছেন জানিয়ে সাত কলেজের এই শিক্ষার্থীরা বলেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) কলেজে কলেজে ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে শিক্ষার্থীদের বাসে চড়িয়ে তারা ইউজিসিতে গিয়ে কর্মসূচি করেছেন। কার্যক্রম নিষিদ্ধ থাকা পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কিছু শিক্ষক এতে নেতৃত্ব দিচ্ছেন বলে আমরা শুনেছি।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের প্রতি ক্ষোভ জানিয়ে তারা বলেন, ব্যানারে আজকে আমরা শিক্ষকদের কিছু দাবি-দাওয়া দেখেছি। সেসব দেখে আমাদের মনে হয়েছে, আমরা যে শিক্ষা সিন্ডিকেট ভেঙে স্বাধীন-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বপ্ন দেখছি, সেটাকে বাধাগ্রস্ত করবে। আমাদের আবার নতুন কোনও অধিভুক্তির বেড়াজালে আবদ্ধ করার অপচেষ্টা চলছে। সেটা না হলে সেই পুরনো খেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।

প্রসঙ্গত, রাজধানীর সরকারি সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তবে এবার এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোর বিরোধিতা করে সাত কলেজের শিক্ষকরা আন্দোলন নেমেছেন। এর পরিপ্রেক্ষিতে আজ অধ্যাদেশ জারি ও শিক্ষকদের আন্দোলনের বিরোধিতা করে ক্লাস পরীক্ষা বর্জনে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনের করেন সাত কলেজের শিক্ষার্থীরা।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading