সনি হত্যা মামলার আসামি টগর এবার অস্ত্র কারবারে, র্যাবের হাতে গ্রেফতার
উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ১৪:৫৫
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ২০০২ সালে বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দীন টগরকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৩। সংস্থাটি জানায়, টগর সাজাভোগকালে বিশেষ বিবেচনায় ২০২০ সালের ২০ আগস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পায়। মুক্তির পর মুগদা থানায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়। পরে সে অবৈধ অস্ত্র কারবারে জড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর আজিমপুর থেকে মুশফিক উদ্দীন টগরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩২ মি.মি. রিভলবার, একটি ম্যাগাজিন, কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড (২২ রাইফেল) গুলি, ৭.৬২ মি.মি. একটি মিসফায়ার গুলি, শর্টগানের একটি খালি কার্তুজ, দুটি মুখোশ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শুক্রবার কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুশফিক উদ্দীন টগর সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ অস্ত্র এনে ঢাকায় বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্য অনুযায়ী আরও অস্ত্র উদ্ধার অভিযান চলছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০০২ সালের ২৪ জুন সনি হত্যা মামলায় টগরকে গ্রেফতার করা হয়। পরে ২০২০ সালের ২০ আগস্ট তিনি বিশেষ বিবেচনায় মুক্তি পান। মূলত অস্ত্র উদ্ধারের সময় র্যাব তার পরিচয় জানতে পারে।
উদ্ধার হওয়া মুখোশের বিষয়ে লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, নিজের পরিচয় গোপন রাখতে এগুলো ব্যবহার করতো। অন্য কোনও কাজে ব্যবহার করতো কিনা, তা তদন্তে জানা যাবে।
ইউডি/এআর

