নির্জন কয়েকটি স্থান, যেখানে দেখা মেলে তারাভরা রাতের আকাশ

নির্জন কয়েকটি স্থান, যেখানে দেখা মেলে তারাভরা রাতের আকাশ

উত্তরদক্ষিণ। রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, আপডেট ০৮:০০

একসময় রাতে আকাশভরা তারা দেখা যেতো। সাম্প্রতিক দশকগুলোতে আলোকদূষণ আর গ্যাস বা বৈদ্যুতিক বাতির প্রচলন বাড়তে থাকায় রাতের আকাশে তারা দেখা এখন ক্রমেই দুষ্কর হয়ে উঠেছে। বিশেষ করে বড় শহরের আকাশে আর আকাশগঙ্গা বা রাশিচক্রের আলো ধরা পড়ে না। তবে পৃথিবীর কিছু নির্জন ও দূরবর্তী অঞ্চলে এখনও দেখা মেলে তারাভরা রাতের আকাশের সৌন্দর্য। বিবিসি ট্রাভেলের এক প্রতিবেদনে এমন কয়েকটি স্থানের কথা তুলে ধরা হয়েছে। আর সেসব স্থানের ছবি তুলেছেন ডকুমেন্টারি ফটোগ্রাফার ও মহাকাশ বিজ্ঞানী জর্ডি বুস।

চিলির আতাকামা মরুভূমি: বিশ্বের অন্যতম শুষ্ক ও উঁচু অঞ্চল আতাকামা মরুভূমি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটার উঁচু এ মরুভূমি পরিষ্কার ও শুকনো আবহাওয়ার কারণে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে স্বর্গসম। আকাশগঙ্গার কেন্দ্র দেখার জন্য এটি বিশ্বের সেরা জায়গাগুলোর একটি। এখানে রাতের আকাশে মেঘ থাকে না, যা তারাভরা আকাশের ছবি তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বলিভিয়ার উঁচু সমভূমি ও লবণাক্ত মরুভূমি: বলিভিয়ার অ্যান্দিজ পার্বত্য মালভূমি আর বিস্তীর্ণ লবণের মরুভূমি উয়ুনি সল্ট ফ্ল্যাটস দূরদিগন্তজোড়া আকাশ উপহার দেয়। সমতল ভূমির কারণে আকাশকে একটানা ও অবিচ্ছিন্নভাবে দেখা যায়।

আর্জেন্টিনার তিয়েরা দেল ফুয়েগো: দক্ষিণ আমেরিকার একেবারে প্রান্তে অবস্থিত তিয়েরা দেল ফুয়েগোতে জোয়ারের পানিতে তারাভরা আকাশের প্রতিফলন ধরা দেয়। এই দ্বীপাঞ্চল দূরবর্তী হওয়ায় এখানকার আকাশ বিশেষভাবে অন্ধকার থাকে।

সাহারা মরুভূমির ওএসিস: বিশাল সাহারার নির্জন ওএসিসগুলোতে রাতের আকাশে তারা যেন হাত বাড়ালেই ধরা যায়। জনবসতি ও আলো না থাকায় মরুভূমির আকাশ থাকে ঝলমলে।

মরক্কোর আটলান্টিক উপকূল: মরক্কোর সমুদ্রতটে রয়েছে পৃথিবীর অন্যতম অন্ধকার আকাশ। কৃত্রিম আলো না থাকায় শুধু তারাই নয়, সামুদ্রিক কচ্ছপের মতো প্রাণীর জীবনচক্রও অক্ষুণ্ণ থাকে এখানে।

পিরেনিস পর্বতমালা, ইউরোপ: ইউরোপের জনবহুল অঞ্চলগুলোতে তারা দেখা দুষ্কর হলেও পিরেনিস পর্বতমালা এখনও অন্ধকার আকাশ ধরে রেখেছে। পাহাড়ি গ্রামগুলো জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে।

হুমকির মুখে রাতের আকাশ: বিশেষজ্ঞদের মতে, শহর ও শিল্পাঞ্চলের অযাচিত আলোকসজ্জা পৃথিবীর রাতের আকাশকে ক্রমে গ্রাস করছে। ফলে শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, প্রাণবৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় সচেতনভাবে আলোর ব্যবহার ও অন্ধকার আকাশ সংরক্ষণকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading